দুই মাস বয়সী শিশুপুত্রকে আছাড় দিয়ে হত্যার অভিযোগ উঠেছে পিতার বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ফেনীর ফুলগাজী ভূমি অফিসের পাশে মেম্বার কলোনিতে নিহত শিশুর নাম জুনায়েদ। এ ঘটনায় অভিযুক্ত সুলতানকে আটক করেছে পুলিশ। শিশুটির মা রুনা আক্তার অভিযোগ করেন, তার স্বামী সুলতান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। এর আগেও কয়েকবার তাদের শিশুসন্তানের ক্ষতি করার চেষ্টা করেছিলেন তিনি। বৃহস্পতিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় শিশুটিকে কোলে নিয়ে একপর্যায়ে আছাড় দিলে সে গুরুতর আহত হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের জিজ্ঞাসাবাদে সুলতান দাবি করেন, তিনি ইচ্ছাকৃতভাবে সন্তানকে হত্যা করেননি। সন্তানকে নিয়ে খেলাধুলার সময় অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সুলতানের বাড়ি নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ডাকঘর এলাকায় ও রুনা আক্তারের বাড়ি একই উপজেলার বাহাড়তলা এলাকায়। কয়েক বছর আগে তারা ফেনীর ফুলগাজীতে এসে বসবাস শুরু করেন। বর্তমানে একটি ভাড়া বাসায় থাকতেন তারা। সুলতান বিভিন্ন স্থানে দিনমজুর ও শ্রমিক হিসেবে কাজ করতেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
