বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আলহাজ আমান উল্লাহ আমান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন তা বাস্তবায়ন করেন। বর্তমান সরকার হচ্ছে গরিব-দুঃখীদের সরকার, জনগণের সরকার। এ সরকার সব সময় দেশের জনগণের পাশে আছে এবং থাকবে। এ সরকার বাজেটে এবার গরিব-দুঃখী মানুষের কথা মাথায় রেখে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়েছে, বিভিন্ন কর মওকুফ করা হয়েছে এবং প্রত্যাহার করা হয়েছে। এতেই প্রমাণিত হয়েছে এ সরকার গরিব-দুঃখীদের সরকার। একটি স্বনির্ভর দেশ গড়ার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছে।
তিনি গতকাল সকালে কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজ্ঞান মেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা, একাডেমিক সুপারভাইজার হালিমা আক্তার ও মডেল থানা অফিসার ইনচার্জ রুহুল কুদ্দুস প্রমুখ। আমান উল্লাহ আমান বিজ্ঞান মেলায় অংশ নেয়া ছাত্রছাত্রীদের উদ্ভাবন করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট ঘুরে দেখেন।
