মানবজমিনে প্রতিবেদন প্রকাশের পর সহায়তা পেলেন আ. রহমান

মানবজমিনে প্রতিবেদন প্রকাশের পর সহায়তা পেলেন আ. রহমান

ফন্ট সাইজ:

দৈনিক মানবজমিনে অসহায় আ. রহমানের মানবেতর জীবনযাপনের চিত্র তুলে ধরে প্রতিবেদন প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে নাজিরপুর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। গত ১৬ই এপ্রিল দৈনিক মানবজমিনে প্রকাশিত নাজিরপুরে ছেঁড়া ছাউনির নিচে বেঁচে থাকার লড়াই শিরোনামের প্রতিবেদনে নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের রামভদ্রা গ্রামের বাসিন্দা আ. রহমান ফকিরের পরিবারের করুণ জীবনসংগ্রামের চিত্র তুলে ধরা হয়। সংবাদটি প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে দ্রুত প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেয়া হয়।

জানা গেছে, রামভদ্রা গ্রামের মৃত আ. গনি ফকিরের ছেলে আ. রহমানের পুনর্বাসনের লক্ষ্যে ঢেউটিন, গৃহ মঞ্জুরির জন্য নগদ সহায়তার চেক এবং শুকনো খাবারসহ বিভিন্ন ত্রাণসামগ্রী প্রদান করা হয়। এ সহায়তা কার্যক্রমটি শুক্রবার সকাল ১১টায় নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপকারভোগীদের মাঝে এ অনুদান ও সহায়তা সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাজিয়া শাহনাজ তমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, মো. সালাউদ্দিন, নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আ. রাজ্জাকসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এবং স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন