চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন প্রকৌশলী বেলায়েত হোসেন। বৃহস্পতিবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপ-সচিব গোলাম রব্বানী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮ এর ধারা ৭(১) অনুযায়ী প্রকৌশলী বেলায়েত হোসেনকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে। তার নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
প্রকৌশলী বেলায়েত হোসেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে মামলা-হামলার শিকার হয়েছেন এবং কারাভোগও করেছেন। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালেই ছাত্রদলের রাজনীতির মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, চট্টগ্রামকে একটি সবুজ, নান্দনিক, আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন, ‘চট্টগ্রাম সিটি করপোরেশন, ওয়াসা, বিদ্যুৎ ও গ্যাসসহ বিভিন্ন সেবা সংস্থার সঙ্গে সিডিএ’র দীর্ঘদিনের সমন্বয়হীনতা দূর করা হবে। নগর উন্নয়নের স্বার্থে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।’ তিনি জানান, পূর্ববর্তী চেয়ারম্যানের সময়ে প্রণীত চট্টগ্রামের মহাপরিকল্পনাকে আরও পর্যালোচনা ও যুগোপযোগী করা হবে। আধুনিক ও বিজ্ঞানসম্মত পরিকল্পনার মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হলে চট্টগ্রাম আন্তর্জাতিক মানের মেগাসিটিতে পরিণত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নবনিযুক্ত চেয়ারম্যান চট্টগ্রামের পরিকল্পিত উন্নয়নে নগরবাসী, গণমাধ্যমকর্মী এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা কামনা করেন।
সিডিএ’র নতুন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন
স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম থেকে
১৩ জুন (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
