কুয়াকাটা লেম্বুর বন সমুদ্রসৈকতে সরকারি অনুমতি ছাড়াই বালু উত্তোলনের দায়ে মহিব্বুল্লাহ নামে এক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে কুয়াকাটার লেম্বুর বন সমুদ্রসৈকতে এ অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কুয়াকাটা পৌর প্রশাসক ইয়াসীন সাদেক।
জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ও ১৫ ধারার বিধান লঙ্ঘন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতি ছাড়াই লেম্বুর বন এলাকা থেকে এক্সকাভেটর দিয়ে বালু উত্তোলন করছিলেন মহিব্বুল্লাহ নামের ওই ব্যক্তি। এ অভিযোগে পরিচালিত মোবাইল কোর্টে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এদিকে, সকাল থেকে বালু উত্তোলন শুরু করলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও ভাইরাল হয়। তারপরই উপজেলা প্রশাসক এই অভিযান পরিচালনা করেন। প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো ছাড় দেয়া হবে না।
