ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে লোকজন ‘পুশইন’ করার অভিযোগে হবিগঞ্জের মাধবপুরে মানববন্ধন করেছে ১১ দলের নেতাকর্মীরা। শুক্রবার সকালে উপজেলা পরিষদ গেটের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেনÑ বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাধবপুর উপজেলা শাখার নায়েবে আমীর মাওলানা আবুল হাসিম। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মোস্তফা কামাল। কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী হবিগঞ্জ জেলা শাখার শূরা সদস্য ও মাধবপুর উপজেলা আমীর মাওলানা আলাউদ্দিন ভূঁইয়া। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের পরিপন্থি কোনো ধরনের অবৈধ পুশইন গ্রহণযোগ্য নয়। সীমান্তে মানবাধিকার এবং বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেনÑ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল হাফিজ ভূঁইয়া, উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য রবিউল আলম, মাওলানা শরীফ উদ্দিন মাসুম, শামসুর রহমান, পৌর জামায়াতের সভাপতি আব্দুর রহমান খান সোহাগ এবং সেক্রেটারি আব্দুস সামাদ মানিক। বক্তারা অভিযোগ করেন, সীমান্ত এলাকায় অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর ঘটনা উদ্বেগজনক। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে সরকারের কূটনৈতিক তৎপরতা জোরদার করার দাবি জানান তারা। মানববন্ধনে ১১ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি থেকে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
