রাজধানীর শেরেবাংলানগর থানা এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। আহতরা হলেন- শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) সামসুজ্জোহা সরকার (৩৪) ও পিওএমের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট) কনস্টেবল হৃদয় বড়ুয়া (২০)। বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- রকি ও রাজু।
শেরেবাংলানগর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান বলেন, রাজধানীর শেরেবাংলানগর থানার জিয়া উদ্যানের গ্লাস ব্রিজ এলাকায় ছিনতাই করে অটোরিকশাযোগে পালিয়ে যাওয়ার সময় তিন ছিনতাইকারীকে ধাওয়া দেয় টহল পুলিশ। এ সময় ছিনতাইকারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে শেরেবাংলানগর থানার এসআই (নিরস্ত্র) সামসুজ্জোহা (৩৪) ও কনস্টেবল মোহাম্মদ হৃদয় হোসেনকে (২০) গুরুতর আহত করে।
তিনি বলেন, পরে খবর পেয়ে থানা পুলিশ তাদের উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি। আহত দুই পুলিশ সদস্য বর্তমানে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িত দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে।
