দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ৩০ বছরের জেল

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ৩০ বছরের জেল

ফন্ট সাইজ:

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে ৩০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। পিয়ংইয়ংয়ে সামরিক ড্রোন পাঠিয়ে ২০২৪ সালের ডিসেম্বরের ব্যর্থ সামরিক আইন জারির অজুহাত তৈরির অভিযোগে এই দন্ড দেয়া হয় তাকে। আজ শুক্রবার সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট এই রায় দেয়। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। আদালত ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং শত্রুকে সহায়তার অভিযোগের প্রমাণ পেয়েছে। রায়ে বলা হয়, ২০২৪ সালের অক্টোবরের ড্রোন অনুপ্রবেশের চক্রান্তের সঙ্গে তিনি শুরু থেকেই জড়িত ছিলেন। অবশ্য ইউন তার বিরুদ্ধে আনা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

তার আইনজীবীদের দাবি, তিনি এই অভিযানের কোনো নির্দেশ দেননি বা পরে অনুমোদনও করেননি। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে সামরিক আইন জারির কোনো সম্পর্ক ছিল না, বরং উত্তর কোরিয়ার আবর্জনাভর্তি বেলুন পাঠানোর জবাব দিতেই এই পদক্ষেপ নেয়া হয়েছিল। এর আগে গত এপ্রিলে প্রসিকিউটররা ইউনের ৩০ বছরের কারাদণ্ডের আর্জি জানিয়েছিলেন। ক্ষমতাচ্যুত এই কঞ্জারভেটিভ নেতার বিরুদ্ধে একের পর এক আদালতের রায় আসছে। সাবেক এই শীর্ষ প্রসিকিউটরের সামরিক আইন জারির নির্দেশ এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতিকে দশকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সংকটে ফেলে দিয়েছিল। এর আগে গত ফেব্রুয়ারিতে সামরিক আইন জারির চেষ্টার সঙ্গে জড়িত রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইউনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল দক্ষিণ কোরিয়ার একটি আদালত। গত বছর সাংবিধানিক আদালত তার ইমপিচমেন্ট বা অভিশংসন বহাল রাখায় তিনি ক্ষমতা হারান। এরপরই দেশটিতে আগাম নির্বাচন অনুষ্ঠিত হয় এবং লি জে মিয়ুং প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন