ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রে দিনে স্বাস্থ্যসেবা দিলেও রাতে বসে মাদকের আসর। ঝুঁকিপূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসক রোগীর সেবা প্রদান করছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই স্বাস্থ্যকেন্দ্রের পরিবেশ ও অবকাঠামোগত দুরবস্থা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা হাসানুল হোসেন বলেন, আমি এই অবকাঠামোর বিষয়ে স্বাস্থ্য প্রকৌশল, স্বাস্থ্য বিভাগ ঢাকা ময়মনসিংহে যোগাযোগ করছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার অনেক আগে বৃটিশ আমলে প্রতিষ্ঠিত হয় উপস্বাস্থ্য কেন্দ্রটি। স্বাস্থ্যকেন্দ্রের নামে ১ একর ১৭ শতক জমি আছে কিন্তু ফ্যাসিস্ট সরকারের আমলে জবর দখল নিয়ে নেয়। তৎকালীন সংসদ সদস্যের নির্দেশে ৫ শতক জায়গা ইউনিয়ন ভূমি অফিসের জন্য দখলে নিয়ে ভবন করে নেয়। জনমনে দেখা দিয়েছে প্রশ্ন জমি স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ হলো ভূমি অফিসের। ভবনের ভেতরের অবস্থাও অত্যন্ত করুণ। চেয়ার-টেবিল ভাঙাচোরা, দরজা ও জানালার বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। মাদকসেবীরা মাদকসেবনের নিরাপদ আশ্রয় মনে করেন। সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ, অন্ধকারে আছন্ন হয়ে পড়ে। পৌরসভার বাতির ব্যবস্থা নেই। হাসপাতালের আশপাশে বাজারের ময়লা-আবর্জনা ফেলে স্তূপ করে রাখা হয়। যার ফলে সারাক্ষণ পচা-দুর্গন্ধ ছড়িয়ে থাকে। প্রতিদিন শত শত রোগী চিকিৎসা নিতে এখানে এলেও দুর্গন্ধ সহ্য করতে না পেরে অনেককে নাকে কাপড় পেঁচিয়ে চিকিৎসা নিতে দেখা যায়। উপ-স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. মোস্তাফিজুর রহমান বলেন, ঝাড়ুদার নেই, পায়খানা নেই, পানির ব্যবস্থা নেই। এমন ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালন করা আমাদের জন্যও উদ্বেগের। রোগী ও কর্মীদের নিরাপত্তার স্বার্থে দ্রুত সংস্কার জরুরি। আসমা আক্তার নামে একজন রোগী বলেন, চিকিৎসা নিতে এসে দুর্গন্ধ আর নোংরা পরিবেশে আরও অসুস্থ হয়ে পড়ার ভয় থাকে। এমন নোংরা ও ঝুঁকিপূর্ণ পরিবেশে চিকিৎসা নেয়া নিজের স্বাস্থ্যকে আরও ঝুঁকির মধ্যে ফেলা হচ্ছে। উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, এই জরাজীর্ণ স্বাস্থ্যকেন্দ্রটির জন্য নতুন সরকারের কাছে আবেদন করা হবে। পরিচালক স্বাস্থ্য ময়মনসিংহ বিভাগ ডা. প্রদীপ কুমার সাহা বলেন, উপ-স্বাস্থ্যকেন্দ্রটি সংস্কার নয়, নতুন করে করতে হবে। দু-এক বছরের মাঝে যেন সম্পূর্ণ হয় সে আশা রাখছি।
ফুলবাড়ীয়া উপ-স্বাস্থ্যকেন্দ্র
দিনে স্বাস্থ্য সেবাকেন্দ্র রাতে মাদকের আসর
এনায়েতুর রহমান, ময়মনসিংহ থেকে
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
