শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই বাজারে আগুন

ফন্ট সাইজ:

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে রমজানের শুরুতেই খুচরা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। মাছ-মুরগি, সবজি, ডাল, মাংস থেকে শুরু করে খেজুরসহ প্রায় সব পণ্যের দাম বেড়েছে দুইদিনের ব্যবধানে। এতে সাধারণ ক্রেতারা পড়েছেন ভোগান্তিতে। বাজার ঘুরে দেখা যায়, মাত্র দুইদিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি বেড়েছে ৫০ টাকা। আগে যেখানে ১৭০ টাকায় ব্রয়লার বিক্রি হতো, বর্তমানে তা ২২০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে ৩২০ টাকার সোনালি মুরগি এখন ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিনের ব্যবধানে সোনালি মুরগির দামেও স্পষ্ট বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গরুর মাংসের দাম কেজিতে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৭০০ টাকায় বিক্রি হচ্ছে, যা রোজার আগে ছিল ৬৫০ টাকা। খাসির মাংসের দাম আরও বেশি বৃদ্ধি পেয়ে ১১০০ টাকা থেকে বেড়ে ১২০০ টাকায় দাঁড়িয়েছে। সবজির বাজারেও অস্থিরতা বিরাজ করছে। আলু ও পেঁপে ছাড়া অধিকাংশ সবজি ৮০ টাকার নিচে মিলছে না। ২৫-৩০ টাকার বেগুন এখন বিক্রি হচ্ছে ৪০-৬০ টাকায়। ৩০ টাকার শসা ৪০-৫০ টাকায়, আর ৬০ টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এ ছাড়া, রমজান মাসের অতি প্রয়োজনীয় ডালের বাজারেও ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। ১৩৫ টাকার ডাল এখন ১৪০-১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। মোটা দানার মসুর ডাল ৯০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা এবং অ্যাঙ্কর ডাল ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি আটা, সয়াবিন তেল ও পিয়াজের দামও বেড়েছে। এদিকে, খেজুরের বাজারেও দেখা গেছে চড়া দাম। রমজানের আগে দাবাস খেজুর ৪৯০-৫০০ টাকায় বিক্রি হলেও এখন তা ৫৫০-৬০০ টাকায়। কালমি, সুক্কারি, মাবরুম, মরিয়ম ও মেডজুল খেজুরের দামও কেজিতে ১০০ থেকে ৩৫০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় তারা বেশি দামে বিক্রি করছেন। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, রমজানে চাহিদা বাড়ার সুযোগে খুচরা বিক্রেতারা অতিরিক্ত মুনাফা করছেন। রমজানের শুরুতেই বাজারে এমন অস্থিরতায় সাধারণ মানুষের মাঝে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে।


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন