সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার কাওয়াজুড়ি জলমহালে মব সৃষ্টি করে রাতের আঁধারে অর্ধকোটি টাকার মাছ লুটের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে নামাজের সময় টর্চলাইট জ্বালিয়ে সংঘবদ্ধভাবে এ লুটপাট চালানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। জানা যায়, গত শুক্রবার সন্ধ্যার পর থেকেই মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম নিয়ে কাওয়াজুড়ি জলমহালের সীমানায় জড়ো হতে থাকে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ। পরে রাতে তারা সংঘবদ্ধভাবে জলমহালে নেমে মাছ আহরণ করে নিয়ে যায়। জলমহালের ইজারাদার আঙ্গুর মিয়া জানান, উপজেলার কাওয়াজুড়ি, উফতিরপাড়, লাউগাঙ্গ এবং দিরাই উপজেলার নগদিপুর, ছোট নগদিপুর, ধীতপুর, ফুকিডর গ্রামের কয়েক হাজার মানুষ মব সৃষ্টি করে জলমহালের মাছ লুটপাট করে। তিনি আরও জানান, ছয় মাস আগে উপজেলা প্রশাসনের অধীনে খাস কালেকশনের মাধ্যমে ১৬ লাখ টাকা রাজস্ব দিয়ে কাওয়াজুড়ি জলমহাল ইজারা নেন। জলমহালের রক্ষণাবেক্ষণ, পোনা অবমুক্তকরণ ও অন্যান্য ব্যবস্থাপনায় আরও প্রায় ২৪ লাখ টাকা ব্যয় করেন তিনি। মাছ আহরণের উপযুক্ত সময় আসার আগেই পরিকল্পিতভাবে সব মাছ লুট করে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এতে তার কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। আঙ্গুর মিয়া অভিযোগ করেন, ঘটনার সময় পুলিশকে অবহিত করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। শান্তিগঞ্জ থানার ওসি মো. অলি উল্যাহ বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
রাতের আঁধারে অর্ধকোটি টাকার মাছ লুট
সুনামগঞ্জ প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
