পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৩

পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নিহত অন্তত ১৩

ফন্ট সাইজ:

আফগানিস্তানের তিনটি প্রদেশে পাকিস্তানের সেনাবাহিনীর বিমান হামলায় ১১ শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছে। বুধবার আফগান তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এই তথ্য নিশ্চিত করেছেন। এই হামলার মধ্য দিয়ে দুই প্রতিবেশী দেশের মধ্যকার পুরনো সংঘাত নতুন করে মাথা চাড়া দিয়ে উঠল। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তালেবান মুখপাত্র জানান, এই বিমান হামলা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করে কুনার, খোস্ত এবং পাক্তিকা প্রদেশের বেসামরিক ঘরবাড়ির ওপর চালানো হয়েছে। হামলায় আরও অন্তত ১৪ জন আহত হয়েছে, যাদের সকলেই নারী ও শিশু।

পাকিস্তানের সেনাবাহিনী বা সরকারের পক্ষ থেকে এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। তবে দেশটির নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, পাকিস্তানবিরোধী কার্যকলাপে লিপ্ত জঙ্গিদের আস্তানা ও স্থাপনা লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে। ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগ, পাকিস্তানের ভেতরে নাশকতা চালানো জঙ্গিদের আশ্রয় দিচ্ছে কাবুল। তবে তালেবান এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে এবং তাদের দাবি পাকিস্তানের অভ্যন্তরের জঙ্গিবাদ তাদের নিজস্ব অভ্যন্তরীণ সমস্যা। নতুন করে শুরু হওয়া এই সহিংসতা দুই দেশের মধ্যকার চলমান সাময়িক যুদ্ধবিরতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে।

একসময়ের ঘনিষ্ঠ মিত্র থেকে শত্রুতে পরিণত হওয়া এই দুই দেশ চলতি বছরের ফেব্রুয়ারি মাসে বিগত কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী লড়াইয়ে লিপ্ত হয়েছিল। পরবর্তীতে মার্চ মাসে চীনের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল দুই দেশ। কিন্তু এই হামলা সেই শান্তি প্রক্রিয়াকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিল।