শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জামায়াত আমীর বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’

শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর জামায়াত আমীর বললেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এসেছি’

ফন্ট সাইজ:

চব্বিশের গণঅভ্যুত্থান ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে এই প্রথম কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদের সদস্যদের শ্রদ্ধা নিবেদনের পর জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যান বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমীর শফিকুর রহমান। এরপর সেখানে তিনি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামায়াত আমীর ডা. শফিকর রহমান। এতদিন কেন জামায়াত শহীদ মিনারে আসেনি—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে আমাকে আসতে হবে তাই আমি এসেছি।’

শহীদ মিনারে ফুল দেয়াকে জামায়াত এখনো ‘নাজায়েজ’ মনে করে কি না—এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, ‘আপনি এই প্রশ্ন কেন আজকে করছেন। এইরকম একটা পবিত্র দিনে এমন প্রশ্ন না করাই ভালো।’

এ সময় শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিতি ছিলেন বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আখতার হুসেইনসহ জোটের অন্যান্য নেতারা।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। তাদের নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের মোট আসন ৭৭টি। শফিকুর এরই মধ্যে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

মোহাম্মদ আলী

৩ মাস আগে

আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে।

মন্তব্য করুন