৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) নিয়োগ দিয়েছে সরকার। শিক্ষা মন্ত্রণালয় সোমবার পৃথক প্রজ্ঞাপন জারি করে এই সিদ্ধান্ত জানিয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো হলো- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. এম এম হেমায়েত জাহান। তিনি একই বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসির দায়িত্বে ছিলেন। পৃথক প্রজ্ঞাপনে ভিসির দায়িত্ব পালন করে আসা প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে অব্যাহতি দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক। আরেক প্রজ্ঞাপনে এই বিশ্ববিদ্যালয়ে ভিসির দায়িত্বে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিতের প্রফেসর ড. মো. শহিদুল ইসলামকে অব্যাহতি দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের অনুমতি দেয়া হয়েছে।
অন্যদিকে লক্ষ্মীপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ হানিফকে। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রফেসর ড. তাহমিনা আখতার।
নতুন ভিসিদের মেয়াদ হবে চার বছর। তবে প্রেসিডেন্ট ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে ভিসিদের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।
