প্রথমবার প্রতিদ্বন্দ্বিতা করেই সংসদ সদস্য ও মন্ত্রিত্ব পাওয়ায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে নিয়ে উচ্ছ্বাসে ভাসছে ফেনীবাসী। অনেকে বিভিন্ন মাধ্যমে মিন্টুকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি আনন্দ উল্লাস ও মিষ্টি বিতরণ করছেন। এর মধ্যে মন্ত্রীর জন্মস্থান দাগনভূঞা পৌর শহরে চাঁদা না পেয়ে একটি সড়ক উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে সন্ত্রাসীরা। এ খবরে চরম ক্ষুব্ধ হয়েছেন নতুন মন্ত্রী মিন্টু। এর একদিনের মাথায় চাঁদাবাজি নিয়ে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন তিনি। নির্বাচনী ইশতেহার অনুযায়ী নিজ নির্বাচনী এলাকা ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাসসহ সব ধরনের অনিয়মমুক্ত রাখার ঘোষণা দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। গত বৃহস্পতিবার দিবাগত রাতে নিজ ফেসবুক আইডিতে দেয়া এক স্ট্যাটাসে এমন ঘোষণা দেন তিনি।
স্ট্যাটাসে আবদুল আউয়াল মিন্টু লেখেন, ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন, নির্ভয়ে তথ্য দিন। আপনাদের দেয়া তথ্য গোপন রাখা হবে। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানিয়ে অভিযোগ জানানোর জন্য একটি নম্বরও প্রকাশ করেন মন্ত্রী, ০১৭৩০০০৪৮৪৪। একই স্ট্যাটাসে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অন্যকেও সচেতন করার আহ্বান জানান মিন্টু। এদিকে, তার এ ঘোষণার কার্যকর বাস্তবায়ন হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে বলে মন্তব্য করছেন স্থানীয়রা। দাগনভূঞা উপজেলা বিএনপি’র আহ্বায়ক আকবর হোসেন জানান, এ ধরনের উদ্যোগ জনমনে আপাতত স্বস্তি ফিরবে। জনগণকে মিন্টুর আহ্বানে সাড়া দিয়ে প্রতিবাদী হয়ে উঠতে আহ্বান জানান তিনি। দাগনভূঞা বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন হায়দার লিটন বলেন, চাঁদাবাজি নিয়ে ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। মন্ত্রীর এ ঘোষণা সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য বড় মেসেজ। উল্লেখ্য, এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের অংশ নিয়ে সংসদ সদস্য হয়েই শিল্প সাম্রাজ্যের কর্ণধার ও বিএনপি ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন। মাঝে দীর্ঘদিন মন্ত্রীশূন্য থাকা ফেনী জেলায় তার মন্ত্রিত্ব ও দাগনভূঞা উপজেলায় প্রথমবার এমপি হওয়ায় এ জনপদে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরির সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা, এলাকায় হটলাইন চালু পরিবেশমন্ত্রীর
ফেনী প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
