চাঁদাবাজি বন্ধে টুরিস্ট পুলিশের খোলা চিঠি

ফন্ট সাইজ:

সরকার আসে, সরকার যায়। কিন্তু চাঁদাবাজদের চাঁদাবাজি বন্ধ হয় না। এবার চাঁদাবাজি বন্ধে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কক্সবাজার টুরিস্ট পুলিশ। পর্যটন জোনের প্রায় দুই শতাধিক আবাসিক হোটেল, কটেজ ও রিসোর্টে খোলা চিঠি পাঠিয়েছে টুরিস্ট পুলিশ। চিঠিতে অনুরোধ করা হয়েছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠানে কেউ চাঁদা দাবি করলে টুরিস্ট পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। তথ্য প্রদানকারীর নাম-ঠিকানা গোপন রাখা হবে। অনুরোধক্রমে আপেল মাহমুদ, অতিরিক্ত ডিআইজি, রিজিয়ন প্রধান, টুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন। শেষে তিনি তার ব্যবহৃত সরকারি নম্বরটিও দেন। এদিকে, কক্সবাজার টুরিস্ট পুলিশ প্রধানের এই চিঠি পেয়ে উচ্ছ্বসিত হোটেল ব্যবসায়ীরা। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ভেসে বেড়াচ্ছে এই চিঠি।
কক্সবাজার জেলা বিএনপি’র সিনিয়র নেতা রাসেদ মুহাম্মদ আলী তার ফেসবুক ওয়ালে লিখেছেন, রমজানে চাঁদাবাজদের বিরুদ্ধে ট্যুরিস্ট পুলিশ রিজিয়ন প্রধানের কঠোর হুঁশিয়ারিতে কক্সবাজারের ব্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে আসবে। ট্যুরিস্ট পুলিশকে অনেক ধন্যবাদ। টুরিস্ট পুলিশের এ ঘোষণায় হোটেল ব্যবসায়ীদের থেকেও ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। একাধিক হোটেল ব্যবসায়ী ও রেস্টুরেন্ট ব্যবসায়ী বলেন, পর্যটন এলাকায় কক্সবাজার টুরিস্ট পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারা সব সময় পর্যটক ও ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের জন্য কাজ করেন।
কয়েকজন হোটেল ব্যবসায়ী জানান, হোটেল-মোটেল জোনে চাঁদাবাজির ঘটনা পুরনো। দলীয় মিছিল মিটিং হলেই তাদের বাড়তি টাকা গুনতে হতো। পুরনো চাঁদাবাজরা এখন কেউ নেই। ৫ই আগস্টের পর কিছু নতুন নতুন মুখ উদয় হয়েছিল। এখন তারাও গা-ঢাকা দিয়েছে। এবার বিএনপি জোটের ভূমিধস বিজয়ের পর খুশির পাশাপাশি আতঙ্কও ছিল ব্যবসায়ীদের মাঝে। কিন্তু এরইমধ্যে কক্সবাজার সদর আসনের নির্বাচিত এমপি লুৎফর রহমান কাজল ও টুরিস্ট পুলিশ প্রধানের পৃথক দু’টি ঘোষণায় হোটেল-মোটেল জোনের ব্যবসায়ীরা টেনশন মুক্ত হয়েছে। এর আগে সদ্য নির্বাচিত সংসদ সদস্য লুৎফর রহমান কাজল তার ফেসবুক ওয়ালে লিখেন, আমার নির্বাচনী এলাকায় কেউ চাঁদাবাজি করলে সঙ্গে সঙ্গে পুলিশকে ধরিয়ে দিন। সাহসিকতার জন?্য পুরস্কার দেয়া হবে। টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ বলেন, টুরিস্ট জোনে চাঁদাবাজ ও দখলবাজদের বিরুদ্ধে তার অবস্থান জিরো টলারেন্স। যে দলের বা যে মতেরই হোক না কেন, অপরাধ করলে কঠিন শাস্তি পেতে হবে। ক্রাইম করে পার পাওয়ার কোনো সুযোগ নেই।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন