শিকাগো বিমানবন্দরে ইরাকি স্ট্রাইকারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

শিকাগো বিমানবন্দরে ইরাকি স্ট্রাইকারকে ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

ফন্ট সাইজ:

ইরানের পর এবার মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের কড়া নজরদারির মুখে পড়েছে ইরাক ফুটবল দল। ২০২৬ বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে যুক্তরাষ্ট্রের শিকাগোর ও’হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাত ঘণ্টা আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে ইরাকের তারকা স্ট্রাইকার আইমেন হোসেনকে। বাছাইপর্বের প্লে-অফে এই আইমেনের গোলেই বলিভিয়াকে হারিয়ে বিশ্বকাপ টিকিট নিশ্চিত করে ইরাক।

শনিবার ভোরে ইরাক দল যুক্তরাষ্ট্রে পৌঁছালে বিমানবন্দরে এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। ইরাকি অলিম্পিক কমিটির এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে জানান, ৩০ বছর বয়সী এই অভিজ্ঞ স্ট্রাইকারকে দীর্ঘ সময় আটকে রাখার পাশাপাশি তার মুঠোফোনও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। প্রায় সাত ঘণ্টার জেরা শেষে আইমেনকে শেষ পর্যন্ত দেশটিতে প্রবেশের অনুমতি দেয়া হয়।

তবে দলের সঙ্গে থাকা অফিশিয়াল ফটোগ্রাফার তালাল সালাহকে চূড়ান্তভাবে প্রবেশাধিকার দিতে অস্বীকৃতি জানায় মার্কিন প্রশাসন। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঐ ইরাকি কর্মকর্তা বলেন, ‘জাতীয় দলের ফটৈগ্রাফার তালাল সালাহকে ১০ ঘণ্টারও বেশি সময় আটকে রাখা হয়। তার ফোনেও একই ধরনের তল্লাশি চালানো হয় এবং শেষ পর্যন্ত তাকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দিয়ে ফেরত পাঠানো হয়।’

দীর্ঘ ৪০ বছর পর বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে ইরাক। আর যে জাদুকরী গোলের ওপর ভর করে দলটি বিশ্বমঞ্চের টিকিট পেয়েছে, সেই আইমেন হোসেনের সঙ্গে এমন আচরণে ক্ষুব্ধ সমর্থকরা। যদিও এ বিষয়ে ইরাক ফুটবল অ্যাসোসিয়েশন বা যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

আগামী ১১ই জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে গ্রুপ ‘আই’তে ইরাকের প্রতিপক্ষ ফ্রান্স, সেনেগাল ও নরওয়ে। আগামী ১৬ই জুন রাতে আর্লিং ব্রুট হালান্দের নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করার কথা রয়েছে ইরাকের।

reza

৫১ মিনিট আগে

bishwa kap khelte hobe emon kono kotha ache..?

মন্তব্য করুন