সিলেটের বিয়ানীবাজারের স্মৃতির মিনারগুলোতে নেই বৈচিত্র্য কিংবা নান্দনিকতা। এখানকার শিক্ষাপ্রতিষ্ঠান কেন্দ্রিক নির্মিত এসব শহীদ মিনারগুলো একদম সাদামাটা। উপজেলাব্যাপী অন্তত ৩০টি শহীদ মিনার থাকলেও কোনোটিতে আধুনিকতার ছোঁয়া লাগেনি। বিয়ানীবাজারের প্রধান শহীদ মিনার সরকারি কলেজে নির্মিত হয়েছে। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে এখানে কেন্দ্রীয়ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে এলেও শৃঙ্খলার বালাই থাকে না। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটি পুরনো আদলে নির্মিত। বিয়ানীবাজার সরকারি কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান বলেন, শহীদ মিনার একটি আবেগের জায়গা। আমাদের কলেজের শহীদ মিনারটি আধুনিক স্থাপত্যে নির্মিত হয়নি। প্রশাসনের কাছে দাবি থাকবে দ্রুত যেন শহীদ মিনারের ডিজাইনে সংস্কার করা হয়। সরকারি কলেজ ছাড়াও বিয়ানীবাজার পৌরশহরের খলিল চৌধুরী আদর্শ বিদ্যা নিকেতন, বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ মিনার স্থাপন করা হয়েছে। তবে সবগুলো মিনারই পুরনো ধাঁচের। বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদির জানান, ভাষা আন্দোলনে বাঙালি জাতির চোখ ফুটেছিল। এই আন্দোলনের কারণে পরবর্তীতে দেশ স্বাধীনের আন্দোলনে সফল হয়েছিল বাঙালি জাতি। তাই এই শহীদ মিনারের নকশা করার সময় আমাদের কনসেপ্ট আরও যুগোপযোগী হওয়া উচিত। বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি সজীব ভট্টাচার্য বলেন, উপজেলার শহীদ মিনারগুলোর নির্মাণে ভাবনার বৈচিত্র্য নেই। অথচ ভাবনার ভিন্নতা অনন্য রূপ দিতে পারতো স্মৃতির মিনারগুলোকে। এতে শুধু ২১শে ফেব্রুয়ারিতে নয়, সারা বছরই স্থানীয় মানুষজন বর্ণমালার স্মৃতিবিজড়িত এই স্থাপনা দেখতে যেতে পারেন।
বিয়ানীবাজারের শহীদ মিনারে নেই নান্দনিকতা
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
