ট্রাম্পের বিপরীতে আবারও ভোট দিলেন রিপাবলিকানদের একাংশ

ট্রাম্পের বিপরীতে আবারও ভোট দিলেন রিপাবলিকানদের একাংশ

ফন্ট সাইজ:

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ইউক্রেনকে সহায়তা দেয়া এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপসংক্রান্ত একটি বিল অনুমোদন করেছে। এ সময় এক ডজনেরও বেশি রিপাবলিকান সদস্য নিজেদের দলের নেতৃত্বের অবস্থানের বিপরীতে গিয়ে বিলটির পক্ষে ভোট দেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ভোটে ১৮ জন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে যোগ দিয়ে ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট-এর পক্ষে ভোট দেন। বিলটি ২২৬-১৯৫ ভোটে পাস হয়। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

সম্প্রতি প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের অবস্থানের বিরুদ্ধে রিপাবলিকানদের অবস্থান নেয়ার এটি সর্বশেষ উদাহরণ। তবে বিলটি আইনে পরিণত হওয়ার সম্ভাবনা কম। কারণ এটি কার্যকর হতে হলে প্রথমে সিনেটে পাস হতে হবে এবং পরে ট্রাম্পের স্বাক্ষর প্রয়োজন হবে। এর আগে চলতি সপ্তাহে প্রতিনিধি পরিষদে অনুষ্ঠিত একটি মূলত প্রতীকী ভোটে কয়েকজন রিপাবলিকান এমন একটি প্রস্তাবের পক্ষে ভোট দেন, যার লক্ষ্য ছিল ইরানের বিরুদ্ধে ট্রাম্পকে আরও সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখা। ইউক্রেন সাপোর্ট অ্যাক্ট অনুযায়ী ইউক্রেনকে ১ বিলিয়ন ডলারেরও বেশি নিরাপত্তা ও পুনর্গঠন সহায়তা দেয়া হবে। পাশাপাশি ইউক্রেনের প্রতিরক্ষা কার্যক্রমের জন্য ৮ বিলিয়ন ডলার ঋণ অর্থায়নের অনুমোদন দেয়া হবে।

বৃহস্পতিবার বিলটির পক্ষে ভোট আয়োজন সম্ভব হয় কারণ রিপাবলিকান সমর্থকরা ডেমোক্রেটদের সঙ্গে মিলে একটি ডিসচার্জ পিটিশনে স্বাক্ষর করেন। এই প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা দলের নেতৃত্বকে পাশ কাটিয়ে কোনো বিষয়ে ভোট আয়োজন করতে পারেন। এটি এমন এক সময় ঘটল, যখন একদিন আগে প্রতিনিধি পরিষদ ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে নতুন সামরিক পদক্ষেপ নেয়া থেকে বিরত রাখার একটি প্রস্তাব অনুমোদন করে। যদিও সেটি মূলত প্রতীকী ভোট ছিল। সেই ভোটে চারজন রিপাবলিকান ডেমোক্রেটদের সঙ্গে যোগ দেন এবং প্রকাশ্যে ইরান যুদ্ধের প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেন। হোয়াইট হাউস ওই প্রস্তাবের গুরুত্ব খারিজ করে দিয়ে বলেছে, এটি প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করার একটি অসাংবিধানিক প্রচেষ্টা। তবে প্রস্তাবটি পাস হওয়া গুরুত্বপূর্ণ। কারণ এটি ইরান যুদ্ধের অবসান খুঁজে বের করার জন্য হোয়াইট হাউসের ওপর চাপ বাড়িয়েছে।

এদিকে ট্রাম্প প্রশাসন ‘এন্টি-ওয়েপনাইজেশন’ তহবিল গঠনের পরিকল্পনাও বাতিল করেছে। ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান সদস্যের তীব্র সমালোচনার মুখে এ সিদ্ধান্ত নেয়া হয়। প্রেসিডেন্টের জন্য আরেকটি ধাক্কা আসে যখন রিপাবলিকানরা সতর্ক করেন যে, প্রশাসন যদি ট্রাম্প-সমর্থকদের জন্য সরকারি অর্থ বরাদ্দের পরিকল্পনা বাতিল না করে, তাহলে তারা একটি গুরুত্বপূর্ণ অভিবাসন বিল আটকে দিতে পারেন।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন