লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে বিএনপি’র তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার বিকালে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজানের নির্দেশে চর কাদিরা ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার মামলাটি দায়ের করেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৫ই আগস্টের পর ৮ নম্বর চর কাদিরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোমান হাওলাদার (৫০), সিয়াম হাওলাদার (২৫) এবং রাহি হাওলাদার (২০) প্রভাব খাটিয়ে স্থানীয় ব্যবসায়ী ডা. হারুনুর রশীদকে বিভিন্নভাবে হয়রানি করেন। এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ারহাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্তরা তার কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তার মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় এক লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে প্রাণনাশের হুমকি দেয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই ঘটনায় চলতি মাসের ১৬ই ফেব্রুয়ারি রামগতি উপজেলায় আরও ২৬ জনের নামে একটি মামলা করা হয়। ওই মামলায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, অভিযোগ পাওয়ার পর মামলা গ্রহণ করা হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা যাচাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্যের জন্য তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
চাঁদা দাবি করায় বিএনপি’র তিন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
