গাইবান্ধার সাদুল্লাপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৪টার দিকে উপজেলার খোদ্দ কোমরপুর ইউনিয়নের খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতদের মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়রা ও পুলিশ জানায়, শুক্রবার ভোরে একটি মোটরসাইকেলে তিনজন ব্যক্তি মোজাহিদপুর এলাকায় আসেন। এসময় তারা সেখানে এক পথচারীকে আটকে ছিনতাইয়ের চেষ্টা করলে ভুক্তভোগী চিৎকার শুরু করেন। পরে চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন। এসময় সুযোগ বুঝে একজন পালিয়ে যেতে সক্ষম হলেও বাকি দু’জনকে স্থানীয়রা ধরে ফেলেন। পরে উত্তেজিত জনতা দুইজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। সাদুল্লাপুর থানার ওসি মোহাম্মদ আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ দু’টি গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি। গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীফ আল রাজীব (পিপিএম) জানিয়েছেন, নিহতদের মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
গাইবান্ধায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত ২
গাইবান্ধা প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি (শনিবার), ২০২৬
লিংক কপি হয়েছে!
ফন্ট সাইজ:
100%
