ভারতের নয়াদিল্লির হোটেলে আগুনে আহত ৮ বাংলাদেশির তথ্য পাওয়া গেছে। বুধবার মালব্য নগরে অগ্নিকাণ্ডে আহত বাংলাদেশিদের চিকিৎসা চলমান রয়েছে বলে জানা গেছে। তবে তিন জনের অবস্থা গুরুতর বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে। এখন পর্যন্ত কোনও বাংলাদেশির মৃত্যুর খবর নেই বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গেছে।
মালব্য নগরে মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনায় ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বিদেশি রয়েছেন ৮ জন। এদের মধ্যে মোজাম্বিকের ২ জন, লাইবেরিয়ার ১ জন, নাইজেরিয়ার ৪ জন এবং উজবেকিস্তানের ১ জন নাগরিক নিহত হয়েছেন। ২৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে নেপাল, ক্যামেরুন, কেনিয়া ও কিরগিজস্তানের ২ জন করে, লাইবেরিয়ার ৩ জন, নাইজেরিয়ার ১ জন এবং কাজাখস্তানের ৩ জন নাগরিক রয়েছেন।
নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার পরপরই হাইকমিশন ভারতীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় যোগাযোগ ও সমন্বয় সাধন করে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের খোঁজখবর নিয়েছে। প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
ইতিমধ্যে ভারতীয় কর্তৃপক্ষ থেকে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এই আটজনের মধ্যে তিন জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন। এ অগ্নিকাণ্ডে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি অন্যান্য দেশের নাগরিকেরাও হতাহত হয়েছেন।
হাইকমিশনের তরফে জানানো হয়েছে, ভারতীয় কর্তৃপক্ষ আন্তরিকতার সঙ্গে আহত বাংলাদেশি নাগরিকদের দিল্লির বিভিন্ন হাসপাতালে ভর্তি করে তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করছে। বাংলাদেশ হাইকমিশন সার্বক্ষণিকভাবে চিকিৎসাধীন বাংলাদেশিদের শারীরিক অবস্থার তদারকি করছে।
সর্বশেষ খবরে জানা গেছে, ভারতীয় নাগরিকদের মধ্যে ৯ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন।
বিভিন্ন সূত্রে জানা গেছে, হোটেলটি একটি বড় হাসপাতালের কাছাকাছি হওয়ায় প্রধানত রোগী ও তাদের স্বজনেরা সেখানে উঠেছিলেন।
