২ মাসের প্রশিক্ষণের ফল ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৪ হাজার প্রাথমিক শিক্ষকের নিয়োগ

ফন্ট সাইজ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষকের চূড়ান্ত নিয়োগের আগে পুলিশ ও গোয়েন্দা সংস্থার যাচাই-বাছাইয়ের পাশাপাশি ২ মাসের বাধ্যতামূলক প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। এসব প্রক্রিয়ায় সন্তোষজনক ফল এবং নিয়োগ বিধিমালার সব শর্ত পূরণসাপেক্ষে তারা চাকরিতে স্থায়ী হবেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে চূড়ান্ত নিয়োগের আগে কয়েকটি ধাপ সম্পন্ন করতে হবে। এর মধ্যে প্রথম ধাপে প্রার্থীদের পূর্ব কার্যকলাপ, শিক্ষাগত ও অন্যান্য সনদের সত্যতা যাচাইয়ে পুলিশি তদন্ত পরিচালনা করা হবে। একইসঙ্গে তাদের বিষয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) পৃথক প্রতিবেদন দেবে।

এ ছাড়া পদায়নের আগে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) দুই মাস মেয়াদি প্রশিক্ষণে অংশ নিতে হবে। প্রশিক্ষণের ফলাফল সন্তোষজনক হওয়া, পুলিশি তদন্ত ও এনএসআই প্রতিবেদনে ইতিবাচক মূল্যায়ন পাওয়া এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫-এর সব শর্ত পূরণ করতে পারলেই তারা নিয়োগের চূড়ান্ত অনুমোদন পাবেন। মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নিয়োগপ্রাপ্তদের চাকরিতে যোগদানের পর ২ বছর পর্যবেক্ষণকাল শেষে স্থায়ীকরণ করা হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন