স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি নোটিশকে ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের দাবি তুলেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশন। একইসঙ্গে ছয় দফা দাবি উত্থাপন করে ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি। বুধবার সংগঠনের দপ্তর সম্পাদক ডা. মোহাম্মদ ইরফানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব দাবি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯শে মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত এফসিপিএস প্রশিক্ষণসংক্রান্ত সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা বাতিল করতে হবে এবং সংশ্লিষ্ট বিষয়ে নতুন নির্দেশনা জারি করতে হবে। ইন্টার্ন চিকিৎসকদের পক্ষ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক ‘স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন’ প্রণয়ন এবং এ সংক্রান্ত অপরাধ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিও জানানো হয়েছে।
অন্যান্য দাবির মধ্যে রয়েছেÑ ইন্টার্ন চিকিৎসকদের মাসিক ভাতা ৩০ হাজার টাকা নির্ধারণ, বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের বেতন নবম গ্রেডের সমপর্যায়ে উন্নীত করা, বেসরকারি চিকিৎসকদের জন্য নির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন এবং বিসিএস ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ।
এ ছাড়া, বিএমডিসি অধ্যাদেশ-২০২৫ দ্রুত আইনে পরিণত করে অবৈধ ও ভুয়া চিকিৎসা কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি সর্বোচ্চ এক হাজার টাকার মধ্যে নির্ধারণের দাবিও জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চিকিৎসকদের পেশাগত নিরাপত্তা, প্রশিক্ষণ ব্যবস্থার উন্নয়ন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের স্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন। অন্যথায়, চিকিৎসক সমাজ বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলেও সতর্ক করা হয়।
