বিসিবি’র নির্বাচন চ্যালেঞ্জ করে হাইকোর্টের রিট খারিজ

ফন্ট সাইজ:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনকে চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন খারিজ হওয়ায় ৭ই জুন নির্ধারিত নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বিসিবি’র আইনজীবী ব্যারিস্টার মাহিন এম রহমান। বুধবার হাইকোর্টে রিটের শুনানি শেষে বিসিবি’র পক্ষে থাকা এই আইনজীবী বলেন, নতুন কাউন্সিলর মনোনয়নের প্রক্রিয়া ও নির্বাচনকে চ্যালেঞ্জ করে এক সাবেক কাউন্সিলর রিট দায়ের করেছিলেন। গতকাল প্রাথমিক শুনানি এবং আজ দীর্ঘ শুনানির পর আদালত রিটটি নট-প্রেসড হিসেবে খারিজ করে দেন।

তিনি আরও জানান, এর আগে এডহক কমিটির গঠন ও নির্বাচন প্রক্রিয়া নিয়ে আরও ৩টি রিট দায়ের করা হয়েছিল। ৪টি মামলার প্রতিটিতেই হাইকোর্টের বিভিন্ন বেঞ্চ শুনানি করলেও কোনো ক্ষেত্রেই নির্বাচন বা এডহক কমিটির কার্যক্রমে হস্তক্ষেপ করেননি।

শুনানি শেষে মাহিন এম রহমান বলেন, ৪টি মামলায় আদালত কোনো হস্তক্ষেপ না করায় এটি স্পষ্ট যে নির্বাচন প্রক্রিয়া আইনসম্মতভাবেই এগোচ্ছে। ফলে ৭ই জুনের নির্বাচন অনুষ্ঠানে আর কোনো বাধা নেই। এ ছাড়া আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুই সদস্যের প্রতিনিধিদলের বাংলাদেশ সফর প্রসঙ্গে তিনি বলেন, প্রতিনিধিদলটি বিসিবি’র সার্বিক কার্যক্রম, নির্বাচন প্রক্রিয়া এবং বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা করতে এসেছে। এ সফরকে কেন্দ্র করে যে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে তা সঠিক নয় বলেও দাবি করেন তিনি। আইসিসি প্রতিনিধিদলের সঙ্গে প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে নির্বাচন ও এডহক কমিটি সংক্রান্ত ৪টি মামলার বিষয়সহ আইনগত বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। আদালত কোনো মামলায় হস্তক্ষেপ না করায় সরকারের কোনো অবৈধ হস্তক্ষেপ বা আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়নি বলেও তিনি মন্তব্য করেন।

অন্যদিকে রিট আবেদনকারীদের পক্ষে থাকা আইনজীবী আজীম বলেন, ৬ জন কাউন্সিলর পূর্ববর্তী নির্বাচনের কাউন্সিলর ও ভোটার ছিলেন। নতুন নির্বাচনের আগে জেলা প্রশাসকদের মাধ্যমে নতুন কাউন্সিলর মনোনয়নের সিদ্ধান্ত এবং নতুন ভোটার তালিকায় তাদের বাদ দেয়ার বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়। তিনি বলেন, বিসিবি’র গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিলরদের মেয়াদ ৪ বছর। যথাযথ নোটিশ, কারণ দর্শানোর সুযোগ বা কোনো অভিযোগ ছাড়াই তাদের বাদ দিয়ে নতুন ভোটার তালিকা তৈরি করা হয়েছে। আদালত দু’দিন ধরে বিষয়টি শুনেছেন। তবে নির্বাচন ঘনিয়ে আসা, ব্যালট পেপার বিতরণসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় আদালত অন্তর্বর্তী আদেশ দিতে অনাগ্রহ প্রকাশ করেন। পরে তাদের পক্ষ থেকে রিটটি নট-প্রেসড করা হলে আদালত তা খারিজ করে দেন। এর ফলে নির্ধারিত সময় অনুযায়ী ৭ই জুন বিসিবি’র নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন