আট ‘বুড়ো’ নিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপ

আর বাকি ৭ দিন

আট ‘বুড়ো’ নিয়ে রেকর্ড গড়তে যাচ্ছে এবারের বিশ্বকাপ

ফন্ট সাইজ:

২০২৬ বিশ্বকাপে ৪০ বছর বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যা হবে রেকর্ড ৮। এক আসরে এই বয়সী এত ফুটবলার এর আগে কখনো দেখা যায়নি। মজার বিষয়, ১৯৩০ সালে বিশ্বকাপ শুরুর পর আগের সব আসর মিলিয়ে ৪০ বা তার বেশি বয়সী খেলোয়াড়ের সংখ্যাই ছিল মাত্র ৮। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ বিশ্বকাপে অংশ নেয়া ১ হাজার ২৪৮ জন ফুটবলারের তালিকা বিশ্লেষণ করে এ তথ্য জানায়। এবার ন্যূনতম ৪০ বছর বয়সী আট ফুটবলার হলেন ক্রেগ গর্ডন, ক্রিস্টিয়ানো রোনালদো, গিয়ের্মো ওচোয়া, লুকা মদরিচ, এডিন জেকো, ম্যানুয়াল নয়্যার, জোসিমার দিয়াজ ও ফার্নান্দো মুসলেরা।

এই আটজনের মধ্যে পাঁচজনই গোলরক্ষক- গর্ডন, ওচোয়া, নয়্যার, দিয়াজ ও মুসলেরা। আর এই পাঁচ গোলরক্ষকের মধ্যে গর্ডন ও দিয়াজ এবারই প্রথম বিশ্বকাপে খেলবেন। তালিকায় সবচেয়ে বয়স্ক খেলোয়াড় স্কটল্যান্ডের গোলরক্ষক গর্ডন। ৪৩ বছর বয়সী গর্ডন স্কটল্যান্ড দলের প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেলতে পারেন বিশ্বকাপে। ‘সি’ গ্রুপ থেকে ২৪শে জুন ব্রাজিলের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে স্কটল্যান্ড। গর্ডন মাঠে নামলে এবারের বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড গড়বেন।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড মিশরের সাবেক গোলরক্ষক হিসাম আল হাদারির (৪৫ বছর ১৬১ দিন)। ২০১৮ বিশ্বকাপে এই রেকর্ড গড়েন তিনি। তালিকায় দ্বিতীয় পর্তুগিজ মহাতারকা রোনালদো, ৪১ বছর বয়সে শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে যাচ্ছেন তিনি। রোনালদো পর্তুগালের হয়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশগ্রহণ করবেন। একইভাবে ষষ্ঠ বিশ্বকাপে অংশ নিচ্ছেন মেক্সিকোর গোলরক্ষক ওচোয়াও। তার বয়স ৪০ বছর। এদের বেশির ভাগ খেলোয়াড়ই বিশ্বের শীর্ষ লীগের বাইরে খেলেন।

তালিকাভুক্ত আটজনের মধ্যে শুধু মদরিচ (এসি মিলান) ও নয়্যার (বায়ার্ন মিউনিখ) ইউরোপের শীর্ষ পাঁচ লীগের কোনো ক্লাবে খেলেন। বিপরীতে এবারের বিশ্বকাপের সর্বকনিষ্ঠ ফুটবলার হচ্ছেন গিলবার্তো মোরা। ২৩তম বিশ্বকাপ শুরুর দিন মেক্সিকোর মিডফিল্ডারের বয়স হবে ১৭ বছর ২৪০ দিন। সর্বকনিষ্ঠ গোলরক্ষক হচ্ছেন মাইক পেন্ডার্স। টুর্নামেন্ট শুরুর দিন ২০ বছর ৩১৫ দিন হবে বেলজিয়ামের স্কোয়াডে থাকা গোলরক্ষকের। অন্যদিকে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বকাপের সর্বকনিষ্ঠ অধিনায়ক হবেন আলফনসো ডেভিস। কানাডার অধিনায়কের বয়স হবে ২৫ বছর ২২১ দিন।
এ তো গেল মাঠের নায়কদের গল্প। নেপথ্যে যারা কাজ করেন তাদের মধ্যে বয়স্ক কোচ হবেন ডিক অ্যাডভোকাট।

প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পাওয়া কুরাসাওয়ের ডাগআউটে থাকবেন তিনি। টুর্নামেন্ট শুরুর দিন প্রায় ১ লাখ ৬০ হাজার জনসংখ্যার দেশটির কোচের বয়স হবে ৭৮ বছর ২৫৭ দিন। বিপরীতে প্রথমবারের মতো ৪৮ দলের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ কোচ হচ্ছেন জার্মানির ইউলিয়ান নাগলসমান। ৪ বারের বিশ্বকাপজয়ীদের কোচের বয়স হবে ৩৮ বছর ৩২৩ দিন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন