জাতিসংঘ সাধারণ পরিষদে (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা। ড. খলিলের এই বিজয়কে বাংলাদেশের বহুপক্ষীয় কূটনৈতিক সাফল্য হিসেবে আখ্যা দিয়েছে তারা। মঙ্গলবার নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় গোপন ব্যালটের মাধ্যমে ভোটে ইউএনজিএ’র পরবর্তী সভাপতি নির্বাচিত হন ড. খলিল। মোট ভোট দিয়েছে ১৯০টি দেশ। এরমধ্যে ৯৯টি দেশের ভোট পেয়ে বিদায়ী সভাপতি এবং জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবকের স্থলাভিষিক্ত হচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী। তার এই বিজয়ে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র, ভারত, চীন, পাকিস্তান, মালদ্বীপ, ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ)।
ড. খলিলকে অভিনন্দন জানিয়ে আসন্ন ইউএনজিএ অধিবেশন সফলভাবে পরিচালনার জন্য শুভকামনা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া শুভেচ্ছা বার্তায় মার্কিন রাষ্ট্রদূত লেখেন, জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লিখেছেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন। তিনি বলেন, অভিন্ন অগ্রাধিকারগুলো এগিয়ে নেয়া এবং বহুপক্ষীয় সহযোগিতা জোরদারে ড. খলিলুরের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা করছেন তিনি।
এদিকে পররাষ্ট্রমন্ত্রীর সভাপতি নির্বাচিত হওয়া আন্তর্জাতিক সমপ্রদায়ের বাংলাদেশ এবং বহুপক্ষীয়তা ও আন্তর্জাতিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকার গঠনমূলক ভূমিকার প্রতি আস্থার প্রতিফলন উল্লেখ করেছে চীন। এক্ষেত্রে বেইজিংয়ের আশা- ড. খলিলুর সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করবেন, রাষ্ট্রগুলোর সার্বভৌম সমতার নীতি সমুন্নত রাখবেন, আন্তর্জাতিক আইনের শাসন রক্ষা করবেন, সংলাপ ও পরামর্শভিত্তিক সমাধানকে উৎসাহিত করবেন এবং বহুপক্ষীয়তার ভিত্তিকে আরও শক্তিশালী করবেন। এ ছাড়া, দায়িত্ব পালনে ড. খলিলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছে চীন।
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ড. খলিলকে অভিনন্দন জানিয়ে তার নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করেছেন। এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেন, আমার প্রিয় ভাই, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় আন্তরিক অভিনন্দন। তিনি আরও বলেন, তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি নিশ্চিত, তার ব্যাপক কূটনৈতিক অভিজ্ঞতা এবং বহুপক্ষীয়তার প্রতি দৃঢ় অঙ্গীকার সাধারণ পরিষদকে সফলভাবে নেতৃত্ব দেবে।
মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু এ নির্বাচনকে বাংলাদেশ এবং সমগ্র অঞ্চলের জন্য গর্বের মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। অভিনন্দন বার্তায় তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে আমি আপনার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি। ড. খলিলুরের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, তার তত্ত্বাবধানে সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রগুলোর জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফরম হিসেবে কাজ চালিয়ে যাবে।
ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব হুসেইন ব্রাহিম তহা ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেছেন, তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও দীর্ঘ অভিজ্ঞতা, পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গন, জাতিসংঘ এবং ওআইসিতে বাংলাদেশের গঠনমূলক ভূমিকা সাধারণ পরিষদের নেতৃত্বকে আরও কার্যকর করবেন। হুসেইন ব্রাহিম তাহা আশা প্রকাশ করেন, ড. খলিলুর রহমানের নেতৃত্ব বহুপক্ষীয় সহযোগিতা আরও শক্তিশালী করতে সহায়তা করবে এবং বিশ্বের অভিন্ন বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
আফ্রিকান ইউনিয়নও ড. খলিলুরকে অভিনন্দন জানিয়ে এ নির্বাচনকে বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেছে। এক্সে প্রকাশিত বার্তায় সংস্থাটি বলেছে, ড. রহমানের নির্বাচন বাংলাদেশের জন্য একটি বড় মাইলফলক, যা দেশটির বৈশ্বিক উপস্থিতি আরও শক্তিশালী করার সুযোগ তৈরি করবে।
এদিকে মঙ্গলবার নির্বাচিত হওয়ার পর জাতিসংঘ সাধারণ পরিষদ কক্ষে দেয়া ভাষণে সকলের হয়ে পূর্ণকালীন সভাপতির দায়িত্বপালনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন ড. খলিল। পাশাপাশি জাতিসংঘ সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা পুনর্গঠন, ঐক্য তৈরি ও জাতিসংঘের অভ্যন্তরে সংস্কার এগিয়ে নেয়ার অঙ্গীকার করেন তিনি।
জাতিসংঘের ১৯০টি ভোটদানকারী সদস্য রাষ্ট্রের মধ্যে অনুষ্ঠিত একটি গোপন ব্যালট নির্বাচনে সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেস কাকাউরিস পেয়েছেন ৯১ ভোট। তাকে ৮ ভোটে পরাজিত করে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান। আগামী সেপ্টেম্বর মাসে তিনি দায়িত্ব গ্রহণ করবেন। এর মাধ্যমে তিনি একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ সাধারণ পরিষদে সভাপতিত্ব করার গৌরব অর্জন করতে যাচ্ছেন।
