বাগেরহাটে খাঞ্জেলী দীঘি থেকে সরানো হলো সেই কুমির

বাগেরহাটে খাঞ্জেলী দীঘি থেকে সরানো হলো সেই কুমির

ফন্ট সাইজ:

বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান (রহ.)-এর মাজার সংলগ্ন খাঞ্জেলী দীঘিতে থাকা একমাত্র কুমিরটি স্থানান্তর করেছে প্রশাসন। বুধবার সকাল থেকে জেলা প্রশাসন, বনবিভাগ, ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা মাজার এলাকায় অবস্থান নেন। সকাল সাড়ে ১০টার দিকে দীঘির পূর্ব পাড়ে কুমিরের অবস্থান শনাক্ত করা হয়। পরে বিশেষ কৌশলে খাবার দিয়ে কুমিরটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়।

দুপুর ১২টার দিকে কুমিরটিকে সফলভাবে বেঁধে দীঘি থেকে তুলে আনা হয়। এরপর একটি বিশেষ গাড়িতে করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রের উদ্দেশ্যে নিয়ে যায়। বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. আতিয়া খাতুন বলেন, জননিরাপত্তার বিষয়টি বিবেচনা করে কুমির অপসারণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আপাতত কুমিরটি খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে নেয়া হচ্ছে। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এর আগে সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন খাঞ্জেলী দীঘিতে গোসল করতে নেমে ফাতেমা (৮) নামে এক শিশু কুমিরের আক্রমণে নিহত হয়।

এ ঘটনার পর স্থানীয় বাসিন্দা, দর্শনার্থী ও ভক্তদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, জনমনে সৃষ্ট আতঙ্ক ও নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কুমিরটি স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একইসঙ্গে মাজার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি বাড়ানো হবে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন