যশোরের বেনাপোল পোর্টে এনসিপি’র মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল দুপুর ২টার দিকে বেনাপোল পোর্টের সাদিপুর মোড়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশি
কড়া প্রহরায় নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার সফরসঙ্গীরা পোর্ট এলাকা ত্যাগ করে যশোর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন বলে নিশ্চিত করেন এনসিপি’র অপর নেতা খালিদ সাইফুল্লাহ।
কয়েকদিন ধরে বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে বিএসএফের পুশইন চেষ্টার ঘটনাস্থল সরজমিন দেখতে বুধবার দুপুরের দিকে এনসিপি’র মুখ সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বেনাপোল বন্দরে পৌঁছান। পরে গাড়িবহর নিয়ে ঘটনাস্থল সাদিপুর সীমান্তের খড়ের মাঠে যান। ঘটনাস্থল পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন তিনি। এ সময় এনসিপি নেতা বলেন, ভারত একটি খুনি রাষ্ট্র, বিএসএফ খুনি বাহিনী- তাদের হাত থেকে বাংলাদেশি জনগণকে রক্ষা করতে হবে। সীমান্তে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করতে হবে। এ সময় তিনি বলেন, সীমান্ত দিয়ে কোনো পুশইন চলবে না। তিনি সীমান্ত হত্যার বিচারের জন্য সরকারকে আন্তর্জাতিক আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন। বলেন, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রীর বক্তব্যে সীমান্তবাসী আরও বেশি অনিরাপদ হয়ে পড়বে। এত ভারতীয় নতজানুগিরি দেখালে চলবে না। রাষ্ট্রকে ভারতের চোখে চোখ রেখে আমাদের নাগরিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
এ সময় এনসিপি’র কেন্দ্রীয় নেতা খালিদ সাইফুল্লাহ, যশোরের সমন্বয়কারী নুরুজ্জামানসহ স্থানীয় জামায়াত-শিবির ও এনসিপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন।
সাদিপুর সীমান্তের খড়ের মাঠ পরিদর্শন শেষে বেনাপোল পর্যটন মোটেলে সাংবাদিকসহ স্থানীয় সুধীজন ও বিভিন্ন মহলের সঙ্গে মতবিনিময় করার কথা ছিল তার। কিন্তু ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এনসিপি নেতা খালিদ সাইফুল্লাহ বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়ি বহরটি সাদিপুর রাস্তা পার হয়ে বেনাপোল মেইন সড়কে প্রবেশ করতেই একদল কিশোর গাড়িবহর লক্ষ্য করে ডিম ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এ সময় ইটের আঘাতে বহরের একটি গাড়ির দু’টি গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি আঁচ করতে পেরে নাসীরুদ্দীন পাটওয়ারী পর্যটন মোটেলে না থেমে দ্রুত বেনাপোল ত্যাগ করে যশোর হয়ে ঢাকার পথে রওনা দেন। তবে রাস্তায় রাস্তায় বহু মানুষ নাসীরুদ্দীন পাটওয়ারীসহ তার গাড়িবহরকে হাত নেড়ে স্বাগত জানান।
গাড়িবহরে নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা এনসিপি যশোরের সমন্বয়কারী নুরুজ্জামান বলেন, সবকিছুই ঠিকঠাক মতো হচ্ছিল। কিন্তু দুুপুর ২টার দিকে হঠাৎ করেই একদল কিশোর রাস্তার পাশে দাঁড়িয়ে গাড়িবহর লক্ষ্য করে কয়েকটি ডিম ও বেশ কয়েকটি ইটের টুকরো নিক্ষেপ করে। তবে তা নাসীরুদ্দীন পাটওয়ারীর গায়ে বা তার গাড়িতে আঘাত করতে পারেনি। পেছনের একটি গাড়ির গ্লাসে লেগে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পেছনে কোনো রাজনৈতিক শক্তির ইন্ধন আছে কিনা- তা খতিয়ে দেখা হবে।
