চার বছর পর জাতীয় দলে মোসাদ্দেক

চার বছর পর জাতীয় দলে মোসাদ্দেক

ফন্ট সাইজ:

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজের ওয়ানডে দল থেকে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং আফিফ হোসেন ধ্রুব। তাদের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান এবং মোসাদ্দেক হোসেন সৈকত। চার বছর পর বাংলাদেশ দলে ফিরেছেন মোসাদ্দেক । ৩০ বছর বয়সী অলরাউন্ডার সর্বশেষ ওডিআই খেলেন ২০২২ সালের আগস্টে। আর সোহান সর্বশেষ ওডিআই খেলেন ২০২৫ সালের অক্টোবরে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

ওয়ানডে অভিষেকের পর বাংলাদেশের হয়ে সোহান ১৩ ম্যাচ খেলেছেন। ১১ ইনিংসে করেছেন ২৩৭ রান। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান। আর ২০১৬ সালে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে অভিষেকের পর ৪৩ ম্যাচ খেলেছেন মোসাদ্দেক। ২৫.৬৩ গড়ে ৬৩৪ রান করেছেন ডানহাতি এ ব্যাটার। সর্বোচ্চ অপরাজিত ৫২ রান। বল হাতে নিয়েছেন ১৭ উইকেট। ক্যারিয়ার সেরা ১৩ রানে ৩ উইকেট।

দুজনকে স্কোয়াডে যোগ করা নিয়ে প্রধান নির্বাচক হাবিবুল বাসার সুমন বলেন, ‘মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছে, ছয় নম্বরে তার স্কিলটা আরও বেশি কাজে লাগবে আমাদের জন্য। সে অভিজ্ঞ ক্রিকেটার, আগেও খেলেছে, প্রিমিয়ার লীগে ভালো ফর্মে আছে। তার অলরাউন্ড সক্ষমতা আমরা কাজে লাগবো।’ এবারের প্রিমিয়ার লীগে আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড় ও ১২৯.১৭ স্ট্রাইক রেটে ৩১০ রান করেছেন মোসাদ্দেক। আর সোহান ৮ ইনিংসে করেছেন ২৪৮ রান। ৬-৭ নম্বরে মাহিদুলের চেয়ে সোহানকে ভালো মনে হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক হাবিবুল। আগামী ৯, ১১ এবং ১৪ই জুন মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তিন ম্যাচ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়। এখন পর্যন্ত দু’দলের ২২ মুখোমুখিতে একবার জিতেছে বাংলাদেশ। বাকি ২১ বার জিতেছে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন