আগামী সপ্তাহেই উত্তর আমেরিকায় গড়াতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের গ্রেটেস্ট শো অন আর্থ। তবে মাঠের লড়াই শুরুর আগেই এক অদ্ভুত সংকটে পড়েছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। বৃটিশ সংবাদমাধ্যম মিররের প্রতিবেদন অনুযায়ী, টিকেটের আকাশছোঁয়া দামের কারণে খেলা দেখার আগ্রহ হারিয়েছেন সাধারণ সমর্থকরা। ফাঁকা গ্যালারির ভূত তাড়া করে বেড়াচ্ছে আয়োজকদের। পরিস্থিতি সামাল দিতে এবার আক্ষরিক অর্থেই বিনামূল্যে টিকেট বিলিয়ে স্টেডিয়াম ভরানোর এক নজিরবিহীন কৌশলে অনুমোদন দিয়েছে ফিফা।
পরিস্থিতি কতটা ভয়াবহ, তা বোঝা যায় ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার মধ্যকার ম্যাচের টিকেটের দাম দেখলেই। গত এপ্রিলে ফিফার নিজস্ব রিসেল প্ল্যাটফর্মেই এই ম্যাচের সর্বনিম্ন টিকেটের মূল্য গিয়ে ঠেকে ৮৯৮ ডলারে (১ লাখ ১০ হাজার টাকারও বেশি)। এমনকি রিসেল মার্কেটে ফাইনালের একটি টিকেটের দাম ২০ লাখ ডলার ছাড়িয়ে গেলে খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়।
এই চরম মূল্যবৃদ্ধির বাজারে সবচেয়ে বড় চমক দেখিয়েছে সৌদি আরব। যুক্তরাষ্ট্রে অবস্থানরত সৌদি ফুটবল ভক্তদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে ম্যাচের টিকেট দেয়ার ঘোষণা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলে, ‘বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়ে গেছে! এই ঐতিহাসিক মুহূর্তে যুক্তরাষ্ট্রে থাকা আমাদের জাতীয় দলের সমর্থকদের জন্য সৌদি আরব বিনামূল্যে টিকেট উপহার দিচ্ছে।
মায়ামিতে উরুগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে সৌদি আরব। গ্রুপ পর্বে স্পেনের মতো পরাশক্তির বিপক্ষে তাদের ম্যাচের টিকেটের দাম ৩ হাজার ডলার পর্যন্ত হাঁকা হলেও, হাজার হাজার আসন এখনো অবিক্রীত রয়ে গেছে। ফলে স্টেডিয়ামের সৌন্দর্য রক্ষায় এই ফ্রি টিকেটের কৌশলে সবুজ সংকেত দিতে বাধ্য হয়েছে ফিফা।
সৌদি সরকারের এই রাজকীয় সিদ্ধান্তের কারণে ফুটবলপ্রেমীদের পকেট থেকে হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে। ‘এইচ’ গ্রুপে সৌদি আরবের প্রতিপক্ষ উরুগুয়ে, স্পেন ও কেপ ভার্দে।
বর্তমানে এই হাইভোল্টেজ ম্যাচগুলোর টিকিটের সর্বোচ্চ মূল্য আকাশচুম্বী পর্যায়েই রয়েছে।
