মেহেরপুর সদর উপজেলার বলিয়ারপুর গ্রামে বিএনপি নেতা লস্কর আলীর বাড়ির দেয়ালের উপরে কাফনের কাপড় রেখে চিরকুটের মাধ্যমে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এসব রেখে গেছে বলে দাবি লস্করের। লস্কর আলী সদর উপজেলার পিরোজপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ও বলিয়ারপুর গ্রামের এজেল উদ্দীনের ছেলে। লস্কর আলী বলেন, তিনি ৩০ বছর বিএনপি’র রাজনীতির সঙ্গে জড়িত।
কেন বা কী কারণে কারা কাফনের কাপড় গোলাপ জল রেখেছে তা জানেন না। গ্রামবাসী ফরিদুল ইসলাম বলেন, সকালে জানতে পারি রাতের আঁধারে কে বা কারা লস্করের বাড়ির দেয়ালের উপর একটি পলিব্যাগে কাফনের কাপড়, হুমকি সম্বলিত চিরকুট ও গোলাপ জল রেখে গেছে।
খবর পেয়ে বুধবার সকালে সদর থানা পুলিশ তা উদ্ধার করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ুন কবির বলেন, বলিয়ারপুর গ্রামে এক বিএনপি নেতার বাড়ির দেয়ালের উপর থেকে একটি প্যাকেটে কাফনের কাপড় ও চিরকুট উদ্ধার হয়েছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত হতে পুলিশ মাঠে কাজ করছে। কী কারণে এসব রেখেছে তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
