কুমিল্লায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ সিসিটিভি’র ফুটেজ ভাইরাল

কুমিল্লায় স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগ সিসিটিভি’র ফুটেজ ভাইরাল

ফন্ট সাইজ:

কুমিল্লায় অনেকটা ফিল্মি স্টাইলে নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে (১৬) বাড়ি থেকে তুলে নেয়ার অভিযোগ করেছেন তার পরিবার। গত সোমবার রাতে লাকসাম উপজেলার হারাখাল গ্রামে এ ঘটনা ঘটে। তবে ঘটনাটি প্রেমঘটিত বিষয় বলে দাবি করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজের ভিডিও ভাইরাল হয়েছে। ২৮ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, একটি ডুপ্লেক্স ভবনের ছাদ থেকে আর্জেন্টিনার জার্সি পরা এক তরুণীকে কাঁধে করে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন।

এ সময় বাড়ির আঙিনা ও ভবনের আশপাশে বেশ কিছু লোকজন উপস্থিত রয়েছেন। পুলিশ ও স্থানীয়রা জানায়, লাকসাম উপজেলার হারাখাল এলাকার ওই তরুণীর সঙ্গে ফেনীর ফুলগাজী উপজেলার মো. মাসুদ (৩২) নামের এক যুবকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উভয়েই পূর্ব পরিচিত। একপর্যায়ে দু’জন পালিয়ে বিয়ে করেন। মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তার পরিবার মাসুদের বিরুদ্ধে অপহরণ মামলা করেন।

মামলার পর পুলিশ দু’জনের অবস্থান শনাক্ত করে মাসুদকে আটক করে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়ে ছাত্রীকে আদালতের মাধ্যমে তার পরিবারের জিম্মায় দেয়া হয়। ওই অপহরণ মামলায় মাসুদ সম্প্রতি জামিনে বের হন। গত সোমবার রাতে মাসুদ লোকজন নিয়ে এসে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালিয়ে ওই তরুণীকে নিয়ে যান। ওই ছাত্রীর মা বলেন, গভীর রাতে মাসুদসহ কয়েকজন তাদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও মারধর করে। পরে জোরপূর্বক তার মেয়েকে নিয়ে যায়।

হামলার সময় নগদ ১৭ লাখ টাকা ও ৩২ ভরি স্বর্ণালঙ্কার লুট করা হয়েছে বলেও তিনি জানান। লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুন্নাহার লাইলী বলেন, ওই ছাত্রীর সঙ্গে মাসুদের প্রেমের সম্পর্ক ছিল। তারা দু’জন পালিয়ে বিয়েও করেছিল। কিন্তু মেয়ে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পরিবার অপহরণ মামলা করলে মাসুদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। জামিনে বের হয়ে আবার মাসুদ তাকে নিয়ে যায়। এ ঘটনার পর ওই তরুণীর পরিবার পুনরায় থানায় অভিযোগ দিয়েছে। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন