কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

ফন্ট সাইজ:

কুলিয়ারচরে এক ঘণ্টার ব্যবধানে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। মঙ্গলবার রাতে কুলিয়ারচর উপজেলার ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মধুয়ারচর এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন- ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের এমাদ মিয়ার ছেলে আশিক (২০) এবং কুলিয়ারচর উপজেলার কান্দিগ্রাম এলাকার সিদ্দিক মিয়ার ছেলে রাসেল মিয়া (১৮)। অপর আহত ইয়াসিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার ঘণ্টাখানেক আগে উপজেলার দাড়িয়াকান্দি টু ডুমরাকান্দা সড়কের মাঝামাঝি স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুস সাত্তার (৬০) নামের একজন অবসরপ্রাপ্ত সেনা সদস্য রাস্তার উপর নির্মাণাধীন একটি কালভার্টের বিশাল গর্তে পড়ে মাথায় রড ঢুকে গুরুতর আহত হন।

এ সময় পথচারীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আব্দুস সাত্তার উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর ভাটিপাড়া গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে।

নির্মাণাধীন কালভার্ট এলাকায় যে গর্তের সৃষ্টি হয়েছে সেখানে পর্যাপ্ত সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় এই দুর্ঘটনার ঘটেছে। ঘটনা প্রসঙ্গে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার চৌধুরী বলেন, কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের মধুয়ারচর এলাকায় সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন