কিশোরগঞ্জ জেলা শহরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার সকালে শহরের রথখলা এলাকা থেকে মিছিলটি শুরু হয়। এই ঘটনার পর জেলা শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে দু’জন ২০২৪ সালে দায়ের হওয়া পৃথক মামলার এজাহারভুক্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হলো- রশিদাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাঞ্চন মিয়া (৫০), মহিনন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ওরফে রাসেল (৩৭), জেলা ছাত্রলীগ নেতা আতিকুজ্জামান আলিফ (৩২), আওয়ামী লীগ নেতা কাঞ্চন (৪২) এবং চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইমাম শরীফ (৪০)।
ভাইরাল হওয়া এ সংক্রান্ত একটি ভিডিও ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিষিদ্ধ ঘোষিত এই সংগঠনের একদল নেতাকর্মী আকস্মিকভাবে শহরের রথখলা এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তমালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হাকিম রাফির নেতৃত্বে মিছিলটিতে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক আওয়ামী লীগের এই ছাত্র সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার পর জেলা শহরে এটিই তাদের প্রথম দৃশ্যমান রাজনৈতিক তৎপরতা। এদিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শতাধিক নেতাকর্মী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনাকে নিয়ে স্লোগান দিয়ে দ্রুত মিছিলটি শেষ করে স্থান ত্যাগ করছেন।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তিনি আরও জানান, বুধবার সকালের মিছিলে জড়িত অন্যদের শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।
