নেত্রকোণায় পাওনা টাকার জন্য যুবককে কুপিয়ে হত্যা, মা-ছেলে আটক

ফন্ট সাইজ:

নেত্রকোণার কেন্দুয়ায় পাওনা ২ হাজার টাকা চাওয়াকে কেন্দ্র করে মিলন মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার দলপা ইউনিয়নের দলপা দক্ষিণপাড়া গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের আমজদ আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিবেশী মোমিন মিয়ার ছেলে ইমন মিয়া মিলন মিয়ার কাছে ২ হাজার টাকা পেতেন।

বুধবার সকালে সেই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বাক্‌বিতণ্ডা শুরু হয়। এ সময় মিলনের এক আত্মীয় ইমনের মা হাবিয়া আক্তারকে মারধর করে। এতে ক্ষিপ্ত হয়ে ইমন ধারালো দা দিয়ে মিলনের ঘাড়ে কোপ দিলে মিলন গুরুতর জখম হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক মিলনকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই উত্তেজিত এলাকাবাসী ঘাতক ইমন ও তার মা’কে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কেন্দুয়া থানার ওসি মেহেদী মাকসুদ জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি পাওনা দুই হাজার টাকার জেরে এ ঘটনা ঘটেছে। মরদেহ নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে রয়েছে।
ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। ওসি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত ইমন ও তার মা’কে আটক করা হয়েছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন