চলতি বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। গতকাল ছয় ম্যাচের এই সাদা বলের সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সফরে তিনটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও তিনটি ওয়ানডে আন্তর্জাতিক ম্যাচ খেলবে বাংলাদেশের মেয়েরা। এটি হবে আসন্ন মৌসুমে নিউজিল্যান্ড নারী দলের একমাত্র ঘরের মাঠের আন্তর্জাতিক সিরিজ।
মূলত ২০২৭ সালের শুরুতে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা ছিল হোয়াইট ফার্নসদের। তবে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য প্রথম আইসিসি নারী চ্যাম্পিয়ন্স ট্রফি ফেব্রুয়ারি ২০২৭-এ পুননির্ধারিত হওয়ায় অস্ট্রেলিয়া সিরিজটি পরে আয়োজন করা হবে। ফলে বাংলাদেশের বিপক্ষে এই সিরিজই তাদের একমাত্র হোম অ্যাসাইনমেন্ট হিসেবে থাকছে। সূচি অনুযায়ী, ১০ই ডিসেম্বর নেলসনে প্রথম টি-টোয়েন্টি দিয়ে সিরিজ শুরু হবে। একই ভেন্যুতে ১২ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। ১৫ই ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি।
এরপর ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ ১৮ই ডিসেম্বর ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। সিরিজের শেষ দুটি ওয়ানডে ২১ ও ২৩শে ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে মাঠে গড়াবে। এর আগে ২০২২ সালে সর্বশেষ নিউজিল্যান্ড সফরে গিয়েছিল বাংলাদেশ নারী দল। সেই সফরে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ এবং ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে হেরেছিল টাইগ্রেসরা।
সূচি:
১০ই ডিসেম্বর : প্রথম টি-টোয়েন্টি, নেলসন
১২ই ডিসেম্বর : দ্বিতীয় টি-টোয়েন্টি, নেলসন
১৫ই ডিসেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, ওয়েলিংটন
১৮ই ডিসেম্বর : প্রথম ওয়ানডে, ওয়েলিংটন
২১শে ডিসেম্বর : দ্বিতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই
২৩শে ডিসেম্বর : তৃতীয় ওয়ানডে, মাউন্ট মঙ্গানুই
