বগুড়ার শেরপুরে বাঁশবাগান থেকে বাঁশ কাটা নিয়ে বিরোধের জের ধরে কৃষক হযরত আলীকে (৫৫) পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত হযরত আলী উপজেলার কুসুম্বী ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আব্দুর রহীম (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জানা যায়, বেলঘড়িয়া গ্রামস্থ বাঁশবাগানের বাঁশ কাটা নিয়ে হযরত আলীর সঙ্গে তার চাচাতো ভাই আব্দুর রহীম ও ভাতিজা নাঈম ইসলামের বাকবিতণ্ডা হয়। এরই জেরে মঙ্গলবার বিকালে হযরত আলীর ওপর অতর্কিতভাবে হামলা চালানো হয়। একপর্যায়ে বেধড়ক পেটানো হয় তাকে। পরে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাকে বগুড়ার শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন গতরাত অনুমান দশটার দিকে মারা যান তিনি। শেরপুর থানার ওসি এসএম মঈনুদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেইসঙ্গে নিহতের লাশের ময়নাতদন্ত সম্পন্ন শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য জড়িতদের শনাক্তকরণসহ গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। পাশাপাশি উক্ত ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
