চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩ টন খনিজ কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দু’টি কাঠের নৌকা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। বুধবার কোস্ট গার্ড পূর্ব জোনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার বিকালে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন কর্ণফুলী নদী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় সন্দেহভাজন দু’টি কাঠের নৌকায় তল্লাশি চালিয়ে প্রায় ৫ লাখ ১০ হাজার টাকা মূল্যের ৩ টন খনিজ কয়লা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তিরা দ্রুত পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে উদ্ধার করা কয়লা এবং চোরাচালানে ব্যবহৃত দু’টি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত মালামাল ও নৌকার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। কোস্ট গার্ডের পূর্ব জোন মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সুমন আল মুকিত জানান, উপকূলীয় ও নদী এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
