সিলেটে প্রেমের ফাঁদে ফেলে যুবককে অপহরণের পর নির্যাতন, গ্রেপ্তার ৫

ফন্ট সাইজ:

সিলেটে প্রেমের ফাঁদে ফেলে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের নামে নির্যাতন করা হয়েছে। এ ঘটনায় সোমবার মধ্যরাতে পুলিশ অপহৃত ওই যুবককে উদ্ধার ছাড়াও অপহরণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, জিল্লুর রহমান নামে এক যুবকের সঙ্গে কিছুদিন আগে মোবাইল ফোনে পরিচয় হয় নগরের আম্বরখানা এলাকার মীম আক্তার নাহিদার। পরবর্তীতে তাদের মধ্যে নিয়মিত যোগাযোগ চলতে থাকে।

সোমবার রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী মীম আক্তার নাহিদা জিল্লুর রহমানকে দেখা করার জন্য সাপ্লাই রোড এলাকার বড়বাজার গলির মুখে ডেকে নেন। রাত সাড়ে ৮টার দিকে সেখানে পৌঁছালে মীম আক্তারসহ মিল্লাত, এমরান খান ও স্বপন আহমেদ তাকে জোরপূর্বক ধরে মারধর করে অপহরণ করে। পরে তাকে সিএনজিযোগে কুনিপাড়া এলাকায় নিয়ে একটি বসতঘরে আটকে রাখা হয়।

সেখানে আগে থেকে অবস্থানরত শিল্পী বেগমসহ অন্য আসামিরা তাকে নির্যাতন করে। একপর্যায়ে তার কাছে থাকা ৮ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয় এবং পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজনের মধ্যে বিষয়টি জানাজানি হলে জরুরি সেবা ৯৯৯-এ খবর দেয়া হয়। সংবাদ পেয়ে মধ্যরাতের দিকে পুলিশ কুনিপাড়া এলাকায় অভিযান চালান। এ সময় অপহৃত জিল্লুর রহমানকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- মীম আক্তার নাহিদা, মিল্লাত, শিল্পী বেগম ওরফে শিল্পী দেওয়ান, এমরান খান এবং স্বপন আহমেদ। এ ঘটনায় এয়ারপোর্ট থানায় অপহরণ, অবৈধ আটক, মারধর, চাঁদাবাজি, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. মঞ্জুরুল আলম জানান, মামলা দায়েরর পর গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন