পার্বত্য চট্টগ্রামে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক অগ্রগতির লক্ষ্যে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের পাশে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন, রাঙ্গামাটি পার্বত্য জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘বড়ুয়া জনগোষ্ঠীর প্রতি বৈষম্যের অবসান চাই’- স্লোগানে মুখরিত হয়ে তাদের ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন- পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অজিতানন্দ মহাথেরো, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক জুঁই চাকমা, রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি এডভোকেট শাহ্ আলম এবং সংগঠনের সহ-সভাপতি রবি বড়ুয়া।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলে বসবাসরত বড়ুয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে বিভিন্ন ক্ষেত্রে অবহেলা ও বৈষম্যের শিকার হয়ে আসছে। তাদের আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীর দপ্তরের মাধ্যমে পৃথক বাজেট বরাদ্দ প্রদান সময়ের দাবি। একইসঙ্গে বড়ুয়া জনগোষ্ঠীকে অনগ্রসর ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে বিবেচনা করে তাদের জন্য বিশেষ উন্নয়ন কর্মসূচি গ্রহণের আহ্বান জানান তারা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক অপু বড়ুয়া। মানববন্ধন শেষে রাঙ্গামাটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা ও পৌর কমিটির প্রতিনিধি এবং স্থানীয় বড়ুয়া সম্প্রদায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।
