আমতলীতে সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে দুইজনের মৃত্যু

ফন্ট সাইজ:

বরগুনার আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আমতলী পৌরসভা এলাকায় মাওলানা মো. ইউসুফের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- রাজমিস্ত্রি জাহিদুল ইসলাম হাওলাদার (৪২) এবং ওয়ার্কশপ মালিক জাফর হাওলাদার (৪৫)।

স্থানীয়দের বরাতে জানা যায়, ভবনের মাটির নিচে নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলতে প্রথমে ট্যাংকের ভেতরে প্রবেশ করেন জাহিদুল। কিছুক্ষণ পর ভেতরে তার অচেতন হয়ে পড়ার শব্দ শুনে তাকে উদ্ধার করতে নামেন জাফর। এরপর তিনিও অচেতন হয়ে পড়েন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ট্যাংকটি ভেঙে দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের ধারণা, সেপটিক ট্যাংকের ভেতরে কার্বন মনোক্সাইড বিষক্রিয়ায় তাদের মৃত্যু হতে পারে। ঘটনার পর থেকে ভবনের মালিক ইউসুফ পলাতক রয়েছেন বলে জানিয়েছে স্থানীয়রা। আমতলী থানার ওসি আবু শাহাদৎ মো. হাসনাইন পারভেজ জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন