তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা

ফন্ট সাইজ:

পটুয়াখালীর বাউফলে বাড়ির উঠানে জলাবদ্ধ পানি নিষ্কাশনের ঘটনাকে কেন্দ্র করে রবিন হাওলাদার (৫৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নিহতের স্ত্রী ও দুই ছেলে। বুধবার সকাল ৮টার দিকে কালাইয়া লঞ্চঘাটের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। নিহত রবিন কালাইয়া লঞ্চঘাট এলাকার বাসিন্দা। জানা গেছে, আনন্দ বেপারী ও রবিন হাওলাদার কালাইয়া লঞ্চঘাট এলাকায় একই বাড়িতে বসবাস করেন।

বর্ষা মৌসুমে তাদের বাড়ির উঠানে জমে থাকা বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য বাড়ির লোকজন ড্রেন তৈরি করে ওই ড্রেনে একটি প্লাস্টিকের পাইপ স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সংক্রান্ত খরচ ভুক্তভোগী পরিবারগুলো যৌথভাবে বহন করার কথা ছিল। কিন্তু এ বিষয়ে আপত্তি জানায় আনন্দ।

এ নিয়ে বুধবার সকালে রবিন ও আনন্দের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে একই বাড়ির রতন বেপারীর নেতৃত্বে ৮/১০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রবিনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। খবর পেয়ে রবিনের স্ত্রী ঠাকুর রানী এবং দুই ছেলে রনি ও হৃদয় এগিয়ে গেলে তাদেরকেও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রবিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় আনন্দ ও তার দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন