গোসল করতে গিয়ে নিখোঁজ কিশোর ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

ফন্ট সাইজ:

কিশোরগঞ্জের ভৈরবে গোসল করতে গিয়ে নিখোঁজের ৫ ঘণ্টা পর পুকুর থেকে নীরব মিয়া (১৫) নামে এক পাদুকা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। গত মঙ্গলবার রাত ৮টায় উপজেলা কালিকাপ্রসাদ ইউনিয়নের আতকাপাড়া এলাকার দ্বীন ইসলাম মিয়ার পুকুর থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে দুপুর ৩টায় সহপাঠীদের সঙ্গে গোসল করতে নেমে নিখোঁজ হয় নীরব।

সে আতকাপাড়া পূর্বপাড়া এলাকার ফুল মিয়া মেম্বারের বাড়ির উজ্জ্বল মিয়ার ছেলে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার দুপুর ৩টার দিকে পুকুরে গোসল করতে যায় নীরব। একপর্যায়ে নীরব পানিতে নেমে সাঁতার দেয়ার পর তলিয়ে যায়। সন্ধ্যায় তাকে খুঁজতে বের হয়ে পরিবার জানতে পারে সে পুকুরে গোসল করতে গিয়েছিল।

পরে স্থানীয় জেলেদের খবর দেয়া হলে তারা পুকুরে জাল ফেলে ৫ ঘণ্টা পর রাত ৮টায় তার মরদেহ উদ্ধার করে। ভৈরব থানার ওসি আতাউর রহমান আকন্দ বলেন, আপনার মাধ্যমে তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন