কোনো প্রকার অনুমোদন ছাড়াই একের পর এক পাহাড় কেটে সমান করে ফেলছে একটি চক্র। সোমবার বিকালে সরজমিন গিয়ে এমনই চিত্র দেখা গেল রাঙ্গামাটির বরকল উপজেলাধীন সুবলং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইসলামপুর বিল্লাছড়া এলাকায়। সেখানে গিয়ে কাউকে ঘটনাস্থলে না পেলেও একটি মাটি কাটার ড্রেজার পড়ে থাকতে দেখা যায়।
জানা গেছে, ড্রেজারটি আজগর আলী নামে এক লোক লংগদুর করল্যাছড়ি থেকে ভাড়ায় এনে ইসলামপুলের খাদেম আলীর মেয়ের জামাই রবিউলের মাধ্যমে পাহাড়ের মাটি কাটার কাজে ব্যবহার করছে। বিগত বছরগুলোতে পাহাড় ধসের পর থেকেই অত্রাঞ্চলে সরকারের সংশ্লিষ্টদের অনুমোদন ছাড়া পাহাড় কাটায় নিষেধাজ্ঞা থাকলেও এই নিষেধাজ্ঞা অমান্য করে ইসলামপুরে দিনে-দুপুরে প্রকাশ্যে ড্রেজার দিয়ে পাহাড় কেটে সমান করে ফেলা হচ্ছে।
এ বিষয় স্থানীয় জনপ্রতিনিধি জাহাঙ্গীর মেম্বার বলেন, এগুলো চাষাবাদের জন্য সমান করা হচ্ছে। অপরদিকে স্থানীয় প্রতিবেশী মঈন উদ্দিন জানান, এরা কোনো প্রকার অনুমোদন ছাড়াই পাহাড়গুলো কেটে সমান করে ফেলছে। কাটতে কাটতে আমার নিজের চৌহদ্দিভুক্ত জমির মাটিও কেটে তারা অবৈধভাবে দখল নিয়েছে। আমি বাধা দিলেও তারা আমার কথা শুনেনি।
এদিকে, মাটি কাটার বিষয়টি স্বীকার করে স্থানীয় বাসিন্দা রবিউল জানান, আমি জমিগুলো ১৭ বছর আগে কিনে নিয়েছি এবং স্থানীয় মেম্বার ও নেতাদের অনুমতি নিয়ে আমি মাটি কাটছি। এগুলো ডুবো জমি দাবি করে রবিউল বলেন, মূলত আমি চাষাবাদের জন্যই মাটি কেটে সমান করছি। এক প্রশ্নের জবাবে রবিউল বলেন, আমি তো একা পাহাড় কাটতেছি না! স্থানীয় বাসিন্দা ফজর আলী, খলিল ও হাবিবসহ অনেকে তো সরাসরি পাহাড় কেটে সমান জমি বানিয়েছে।
