পঞ্চগড় পৌরসভায় আগামী অর্থবছরের অতিরিক্ত বাৎসরিক টোল কমানোর দাবিতে কর্মবিরতি পালন করে মতবিনিময় সভা করেছে জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন। গতকাল দুপুরে কর্মবিরতি পালন করে তারা জেলা শহরের শেরেবাংলা পার্ক সংলগ্ন মহাসড়কের পাশে মতবিনিময় সভা করে। এ সময় বক্তব্য দেন জেলা রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, অর্থ সম্পাদক আশাদুল ইসলাম, দপ্তর সম্পাদক রফিক ইসলাম প্রমুখ।
সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম বলেন, পঞ্চগড় পৌরসভা এলাকার মধ্যে প্রায় ৭ হাজার রিকশা-ভ্যান চলাচল করে। চলাচলের জন্য পৌরসভাকে বাৎসরিক টোল হিসেবে ৭০০ টাকা দিয়ে লাইসেন্স প্লেট নিতে হয়। আগামী অর্থবছরের জন্য রিকশা-ভ্যান থেকে টোল আদায়ের জন্য ডাক হয়েছে ৭ লাখ ১৩ হাজার টাকা। প্রতিটি রিকশা-ভ্যান থেকে ২০০ টাকা করে টোল নিলেই ডাকের টাকা উঠে যায়। ৩০০ টাকা করে নিলেও তারা ৭ লাখ টাকা লাভ করবে। তারপরও সিন্ডিকেট করে তারা বাধ্যতামূলকভাবে ৭০০ টাকা করে আদায় করছে। পৌর এলাকায় ব্যাটারিচালিত রিকশা-ভ্যানের চলতি অর্থবছরের লাইসেন্সের মেয়াদ শেষ হচ্ছে।
পঞ্চগড় পৌরসভা আগামী অর্থবছরের জন্যও রিকশা-ভ্যানের জন্য বাৎসরিক টোল-প্লেটের জন্য ৭০০ টাকা নির্ধারণ করেছে। আমরা সেই বাৎসরিক টোল ৩০০ টাকা করার জন্য জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছিলাম। কিন্তু জেলা প্রশাসকের নিকট থেকে এর কোনো আশ্বাস না পাওয়ায় আমরা মাঠে নেমেছি। আমাদের দাবি পূরণ করা না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবো।
