ভোলার লালমোহন উপজেলায় পৃথক স্থানে পুকুরের ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার সকালে উপজেলার কালমা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তোরাবগঞ্জ ও বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দেবীরচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুরা হলেনÑ বদরপুর ইউনিয়নের দেবীরচর এলাকার মো. জামশেদের মেয়ে মোসা. জাইমা এবং কালমা ইউনিয়নের তোরাবগঞ্জ এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. শাহাদাত।
শিশু দুইজনের বয়স দেড় বছর। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের স্বজনরা। এই ফাঁকে শিশুরা সবার অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। পরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে তাদের বসতঘরের পাশের পুকুরে ভাসতে দেখেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত বলে ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। ফলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এই দুই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
