নিখোঁজের চারদিন পর কাপ্তাই হ্রদ থেকে তরুণের লাশ উদ্ধার

ফন্ট সাইজ:

রাঙ্গামাটির বরকল উপজেলায় ইঞ্জিনচালিত নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়া মো. ওবায়দুল্লাহ (১৯) নামে এক তরুণের মরদেহ চারদিন পর বুধবার নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত ৩১শে মে বিকালে উপজেলার ৩ নম্বর আইমাছড়া ইউনিয়নের আমবাগান এলাকা থেকে বাঙ্গালটিলার উদ্দেশ্যে যাত্রাকালে বাঙ্গালটিলা বাজার সংলগ্ন নদীপথে একটি ইঞ্জিনচালিত নৌকা ডুবে যায়।

দুর্ঘটনার সময় নৌকার যাত্রী ওবায়দুল্লাহ নদীতে তলিয়ে গিয়ে নিখোঁজ হন।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা ওবায়দুল্লাহ বড় ভাইয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসে নৌভ্রমণে অংশ নিয়েছিলেন। সাঁতার না জানার কারণে তিনি দুর্ঘটনার পর আর ফিরে আসতে পারেননি।

বুধবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে আমবাগান এলাকার নদীতে একটি মরদেহ ভেসে উঠতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে বরকল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত ওবায়দুল্লাহর পিতা মো. মোবারক আলী। এ মর্মান্তিক ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগসমূহ:

কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্যকারী হোন!

মন্তব্য করুন