আত্রাই নদীতে গোসল করতে নেমে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল উপজেলার খামারপাড়া ইউনিয়নের জোয়ার কালীরবাজারের সন্নিকটে আত্রাই নদীর বালুমহাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজধানী ঢাকার মিরপুর-১১ এলাকার বাসিন্দা মৃত সিরাজ উদ্দিনের দুই ছেলে মান্না ইসলাম (৪৫) ও সাদ্দাম হোসেন (৩২)।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে উপজেলার ফতেজংপুর ইউনিয়নের চম্পাতলী এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন সাদ্দাম ইসলাম।
সঙ্গে ছিলেন তার বড় ভাই মান্না ইসলামসহ পরিবারের অন্য সদস্যরা। বুধবার সকালে কালীরবাজার ঘাটে নদীর পানিতে নেমে একসঙ্গে চারজন গোসল করতে নামেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে নিখোঁজ হন। এ সময় সঙ্গে থাকা পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় দুপুর সোয়া ২টায় মান্না ইসলামের মরদেহ উদ্ধার করা হয়। এরপর রংপুর থেকে আসা ডুবুরিদল বিকাল ৩টা ৩৫ মিনিটে সাদ্দাম হোসেনের মরদেহ উদ্ধার করে।
এ সময় মান্না ইসলামের দুই ছেলে সজীব (১৬) ও নুর আলম (১২) কোনোভাবে নদী থেকে উঠতে সক্ষম হলেও হঠাৎ করেই মান্না ইসলাম ও তার ভাই সাদ্দাম হোসেন গভীর পানিতে তলিয়ে যান।
স্থানীয়রা জানান, বর্তমানে নদীর পানি তুলনামূলক কম থাকলেও ওই ঘাট এলাকায় ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে নদীর তলদেশে গভীর গর্ত সৃষ্টি হয়েছে। ধারণা করা হচ্ছে, সেই গর্তেই দুই ভাই তলিয়ে গিয়ে আর ফিরে আসতে পারেননি।
খামারপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক বলেন, ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে ওই স্থানে গভীর গর্ত তৈরি হয়েছে। সেখানে গোসল করতে নামলে এ ধরনের দুর্ঘটনার ঝুঁকি থেকেই যায়। খানসামা থানার অফিসার ইনচার্জ আব্দুল বাসেত সরকার জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে ঘটনার বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
