যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার ছেলে মোজতবা খামেনি যুদ্ধ অবসানের লক্ষ্যে চলমান আলোচনায় যুক্ত রয়েছেন। তিনি তার সঙ্গে সাক্ষাৎ করতেও আগ্রহী। ইরানযুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি। তিনি জাতির উদ্দেশে কোনো সরাসরি ভাষণও দেননি; বরং তার লিখিত বক্তব্য টেলিভিশনের সংবাদ উপস্থাপকদের মাধ্যমে প্রচার করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের কেউ কেউ দাবি করেছেন, যুদ্ধের প্রথম দিনে যে বোমা হামলায় তার পিতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন, সেই হামলায় মোজতবা খামেনিও গুরুতর আহত হন।
ফলে চিকিৎসাধীন বা অক্ষম অবস্থায় রয়েছেন তিনি। তবে এ বিষয়ে সরাসরি কোনো তথ্য না দিয়ে ট্রাম্প নিউইয়র্ক পোস্টকে বলেন, তিনি (মোজতবা খামেনি) জড়িত আছেন। অবশ্যই জড়িত। আমার মনে হয়, তারা তাকে খুবই সম্মান করে। খামেনির শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন, আমি জানি না। তার সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য এখনো হয়নি। তিনি আরও বলেন, যদি বিভিন্ন প্রতিবেদনে যা বলা হচ্ছে তা সত্য হয়, তাহলে বলা যায় তিনি শরীরের অনেক অংশ হারিয়েছেন। মোজতবা খামেনির সঙ্গে বৈঠকের সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন- হ্যাঁ, আমি তার সঙ্গে দেখা করতে চাই। আমি সবার সঙ্গেই দেখা করতে চাই।
পরিস্থিতি কীভাবে এগোয় তার ওপর নির্ভর করে কোনো এক সময় হয়তো আমাদের সাক্ষাৎ হবে। উল্লেখ্য, মোজতবা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার অভ্যন্তরীণ বলয়ে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত। সাম্প্রতিক যুদ্ধের পর তাকে ঘিরে নানা জল্পনা তৈরি হলেও তার অবস্থান ও শারীরিক অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য এখনো প্রকাশ্যে আসেনি।

মোস্তাফিজ খান
১ মাস আগেহযরত আলী বলেছেন, শত্রু যখন পরাজিত হয় তখন বন্ধুত্বেরভান করে। সুতরাং আমার মনে হয়না ট্রাম্পের পাতানো ফাঁদে ইরানের সর্বোচ্চ নেতা পা দেবেন ।